সোনারগাঁওয়ে কিশোরী সমাবেশে এভারেস্ট জয়ী নিশাত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ২১:৪৫
কিশোরীদের অব্যাহত শিক্ষা ও কারিগরী শিক্ষার বিকাশ শীর্ষক এক কিশোরী সমাবেশে যোগ দিয়েছেন এভারেস্ট জয়ী বাংলাদেশের প্রথম নারী নিশাত মজুমদার। সোনারগাঁওয়ের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সংলগ্ন কেন্দ্রীয় গণবিদ্যালয়ে (বেইস) শনিবার দুপুরে তিনি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বাংলাদেশ গণসাক্ষরতা অভিযান এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল বেসরকারি এনজিও সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন। উপজেলার সোনারগাঁও জি আর ইনিস্টিটিউশন স্কুল এন্ড কলেজ, কাজী ফজলুল হক উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজ, সোনারগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ এবং কেন্দ্রীয় গণবিদ্যালয় বেইসের শতাধিক কিশোরী এ সমাবেশে অংশ নেয়। সমাবেশে কেন্দ্রীয় গণবিদ্যালয় বেইসের অধ্যক্ষ মনসুর হাসান খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগরিকা নাসরিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম রুমা। বাংলাদেশ গণসাক্ষরতা অভিযানের কার্যক্রম ব্যবস্থাপক তপন কুমান দাস ও সোনারগাঁও পৌরসভার মহিলা কাউন্সিলর জাহেদা আক্তার মনি। কিশোরী সমাবেশে কিশোরীদের মতবিনিময়, বিভিন্ন খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও নিশাত মজুমদারের এভারেস্ট জয়ের স্থির চিত্র প্রদর্শন করা হয়। সমাবেশে নিশাত মজুমদার কিশোরীদের উদ্দেশ্যে বলেন নারীরা আজ সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। নারীরা যদি ইচ্ছা করে তাহলে সব কিছুই জয় করতে পারে। তাই নারীদের উচিত নিজেকে গুটিয়ে না রেখে নিজের মেধা ও শক্তিকে কাজে লাগানো।