দক্ষিণ-পূর্ব এশিয়ার কৃষি শিক্ষার প্রাচীন ও সর্ববৃহত্ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও অ্যালামনাই পুনর্মিলনী আগামী ৩-৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে এ অনুষ্ঠান সুষ্ঠু ও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করার লক্ষ্যে ক্যাম্পাসে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
পুনর্মিলনী অনুষ্ঠানে দেশ-বিদেশের প্রায় ১০ হাজার কৃষিবিদ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এ অনুষ্ঠানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে চলছে উত্সবের আমেজ। বর্ণিল সাজে সাজানো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হল। প্রথম দিন ৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের উদ্বোধনের পর শুরু হবে অ্যালামনাইয়ের আনুষ্ঠানিকতা। প্রধানমন্ত্রী এদিন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন মাঠে নবনির্মিত বঙ্গবন্ধু স্মৃতিচত্বরেরও উদ্বোধন করবেন। এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক। দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে আরো থাকবে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, ৫০ বছরের বাকৃবির অর্জন নিয়ে উন্মুক্ত সেমিনার, বিশ্ববিদ্যালয়ের নানা উদ্ভাবন ও প্রযুক্তি নিয়ে মেলা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। বাকৃবি উপাচার্য অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
