স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরের মিঠাপুকুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই বোনকে ধর্ষণের ঘটনায় আরো এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, মামলার আসামি পীরগাছা উপজেলার সোম নারায়ণ গ্রামের শামছুল আলমের পুত্র হযরত আলীকে রবিবার রাতে পীরগাছা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মূল হোতা রতন মিনজি ও স্বপন মিনজি ওরফে মামুনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সোম নারায়ণ গ্রামের বুধু মিনজির ছেলে রতন মিনজির সঙ্গে মিঠাপুকুরের ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লীর এক এসএসসি পরীক্ষার্থীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৮ এপ্রিল মোবাইল ফোনে দেখা করতে ওই ছাত্রীকে ডাকে রতন। ওই দিন বিকালে ১০ম শ্রেণিতে পড়ুয়া চাচাতো বোনকে সঙ্গে নিয়ে ভগ্নিপতির বাড়ি পীরগাছায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় হয় দুই বোন। এরপর রংপুর শহরের মাহিগঞ্জ এলাকায় পৌঁছলে সেখানে আগে থেকে থাকা রতন ও তার দুই বন্ধু হযরত এবং মামুন মিলে একটি ভুট্টাক্ষেতে নিয়ে দুই বোনকে ধর্ষণ করে এবং ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয়।
