পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেলুচিস্তান প্রদেশে রবিবার একটি যাত্রীবাহী বাসে আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। বেলুচিস্তান প্রদেশের কোয়েটা নগরীর প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে মাসতুং জেলায় শিয়া মুসলিমদের তিনটি বাসের একটিতে আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বাসটিতে ৪৫ জন তীর্থযাত্রী ছিল। খবর এএফপির।
জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা তোফায়েল বালুচ জানান, হামলায় কমপক্ষে ২০ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। নিহতরা সবাই শিয়া মুসলিম। তাদের বেশিরভাগই পুড়ে মারা গেছে। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কোয়েটার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা আকবর হুসেইন দুররানি বলেছিলেন, ‘বিস্ফোরণে একটি বাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাকিস্তানের প্রায় ১৮০ জন শিয়া তীর্থযাত্রী ইরান যাওয়ার পথে এ আত্মঘাতী হামলা চালানো হয়। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। কেউ ঘটনার দায়-দায়িত্ব স্বীকার করেনি।
সামপ্রতিক সময়ে পাকিস্তানের বেলুচিস্তানে সংখ্যাগরিষ্ঠ সুন্নি ও সংখ্যালঘু শিয়া সমপ্রদায়ের মধ্যে সহিংসতা মারাত্মক আকার ধারণ করেছে। ১৮ কোটি জনসংখ্যার মধ্যে শিয়াদের সংখ্যা প্রায় এক পঞ্চমাংশ। গত মাসে রাওয়ালপিন্ডিতে শিয়াদের ওপর চালানো অপর বোমা হামলায় ২৩ জন নিহত হয়েছিল।
