চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১১ মাইল এলাকায় ফার্নেস অয়েল বহনকারী একটি ট্রেনের তিনটি ওয়াগন রেলসেতুর রেলিং ভেঙে লাইনচ্যুত হয়ে খালে পড়েছে। এর মধ্যে একটি ওয়াগন থেকে তেল পানিতে ছড়িয়ে পড়ে। এতে হালদা নদীর পানি দূষিত হয়ে পড়ার উপক্রম হয়েছে। গতকাল সোমবার বেলা ৩টায় এই দুর্ঘটনা ঘটে।
খাল থেকে নদীতে ফার্নেস অয়েল ছড়িয়ে পড়া প্রতিরোধে রেল কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাত্ক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছে। স্থানীয় প্রশাসন চেনখালী খাল থেকে যাতে তেল হালদায় মিশতে না পারে সেজন্য মাটি দিয়ে বাঁধ তৈরির উদ্যোগ নিয়েছে।
ক্ষতিগ্রস্ত ওই তিন ওয়াগনে ২৫ টন করে মোট ৭৫ টন ফার্নেস অয়েল ছিল। এর মধ্যে একটি ওয়াগন থেকে ছড়িয়ে পড়া তেল হালদা নদীতে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামের বটতলী স্টেশন থেকে ফার্নেস অয়েল বহনকারী সাতটি ওয়াগন হাটহাজারীর একশ’ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের জন্য নেওয়া হচ্ছিল। হাটহাজারীর ১১ মাইল এলাকায় একশ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের কাছাকাছি আসলে তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়ে খালে পড়ে। একটি ওয়াগন থেকে তেল ছড়িয়ে পড়ে চেনখালী খালে মিশে গিয়ে হালদা নদীতে চলে যাওয়ার উপক্রম হয়। এই দুর্ঘটনায় রেলসেতুও ক্ষতিগ্রস্ত হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, ফার্নেস অয়েলবাহী ট্রেনটি লাইনচ্যুত হলে রেল ট্র্যাক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ও সেতুর কিছু অংশ ভেঙে পড়ে।
