দেশটা কারো বাবার বা স্বামীর নয় :বি. চৌধুরী এরকম মিথ্যুক সরকার আর আসেনি :ড. কামাল

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ২২:২১
দেশের চলমান রাজনৈতিক টানাপড়েনের প্রেক্ষাপটে আওয়ামী লীগ ও বিএনপির বাইরে জাতীয় ঐক্য গড়ে তোলার আহবানে সিলেটে জনসভা করেছেন সাবেক রাষ্ট্রপতি, বিকল্পধারার চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। গতকাল রবিবার বিকালে নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত জনসভায় বিপুল লোক সমাগম হয়। আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন দলের অনেক নেতাকেও জনসভার আশেপাশে থেকে বক্তব্য শুনতে দেখা গেছে। জনসভায় অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেন, আর নীরব থাকার সময় নেই। এ দেশটা কারো বাবার কিংবা কারো স্বামীর নয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন জনগণের রায় মেনে নেবেন। খুবই ভালো কথা। কিন্তু জনগণকে রায় দেয়ার সুযোগ করে দিতে হবে। আওয়ামী লীগ সরকারের অধীনে কোন নির্বাচন হতে দেয়া হবে না। ড. কামাল হোসেন বলেন, বর্তমান সরকার একটি মিথ্যাবাদী সরকার। এদের মতো মিথ্যুক সরকার আর আসেনি। তারা দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। আমাদেরকে ক্ষমতা দিন, সব টাকা গুনে গুনে ফেরত নিয়ে আসবো। তিনি বলেন, রাষ্ট্র ছিনতাই হয়ে গেছে। তাই জাতীয় ঐক্যের মাধ্যমে ছিনতাই হওয়া রাষ্ট্রকে ফিরিয়ে এনে জনগণের হাতে তুলে দিতে হবে। এজন্য প্রয়োজনে আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে। তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না। তাই অবশ্যই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। গণফোরাম সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট নিলেন্দু দেবের সভাপতিত্বে ও বিকল্পধারার সিলেট মহানগর সভাপতি এডভোকেট আনসার খানের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিকল্পধারার মহাসচিব মেজর (অবঃ) আব্দুল মান্নান, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান আলী ইসমাইল, মৌলভীবাজার জেলা গণফোরামের আহবায়ক বকসি ইকবাল আহমদ, সিলেট মহানগর গণফোরামের সাধারণ সম্পাদক আলী আক্তারুজ্জামান বাবুল, বিকল্পধারার সিলেট জেলা সভাপতি ড. কাজী কামাল আহমদ প্রমুখ।