থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে কক্সবাজারে পর্যটকদের ঢল নেমেছে। শহরের সকল হোটেল-মোটেলের প্রায় সমস্ত কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। পর্যটকদের চাপে শহরে সৃষ্টি হচ্ছে ট্রাফিক জ্যাম। জমজমাট হয়ে ওঠেছে বিপণী কেন্দ সমূহও। থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আজ রাতে কক্সবাজার সৈকতে এবং বিভিন্ন হোটেলে বসছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর।
আজ রাতে এনটিভির উদ্যোগে কক্সবাজার সৈকতে ওপেন এয়ার কনসার্ট, তারকা হোটেল ওশান প্যারাডাইজে ডিজে, লাইভ ড্যান্স, সঙ্গীতানুষ্ঠান এবং হোটেল লংবীচে ভারতীয় আইডলের উপস্থিতিতে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এসব আয়োজন কক্সবাজারের প্রতি পর্যটকদের বাড়তি আকর্ষণ সৃষ্টি করেছে। হাজার হাজার পর্যটকের উপস্থিতিতে সাগরপাড় হয়ে ওঠেছে এক বিশাল মিলনমেলা। কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার জানান, সোমবার পর্যন্ত শহর ও সাগরপাড়ের সকল হোটেলের প্রায় সমস্ত কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। তবে শহরের কিছু ফ্ল্যাট ও কটেজ উচ্চ ভাড়া আদায়ের জন্য খালি রেখেছে বলে জানান তিনি। কক্সবাজারে ৩ শতাধিক হোটেল-মোটেল গেস্ট হাউস ও কটেজ ছাড়াও অর্ধ শতাধিক ফ্ল্যাট রয়েছে। এছাড়া আরো ২০টির মত সরকারি রেস্ট হাউস রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ৮০ হাজার মানুষের থাকার ব্যবস্থা আছে।
ট্যুর অপারেটর এসোসিয়েশন অফ কক্সবাজার (টোয়াক বাংলাদেশ) সভাপতি এসএম কিবরিয়া খান জানান, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজার শহর ছাড়াও সেন্টমার্টিন এবং টেকনাফের সকল হোটেল বুকিং হয়ে গেছে। এছাড়া সেন্টমার্টিনগামী জাহাজসমূহেও সকল টিকেট আগাম বিক্রি হয়ে গেছে। এদিকে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পর্যটকদের জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ আজাদ মিয়া।
