আজ ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ২২:২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন আজ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগ ও বামদল সমর্থিত শিক্ষকরা নীল-গোলাপী প্যানেল এবং বিএনপি ও জামায়াত সমর্থিত শিক্ষকরা সাদা প্যানেলে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতিতে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সমিতির কার্যকরী পরিষদের ১৫টি পদের বিপরীতে নির্বাচিতরা ২০১৩ সেশনে দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনার ও ইতিহাস বিভাগের অধ্যাপক শরিফ উল্লাহ ভুঁইয়া জানিয়েছেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ সন্ধ্যার মধ্যেই নির্বাচনের ফল প্রকাশ করা হবে। নির্বাচনে নীল-গোলাপী প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক পদে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন ও ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। সহ-সভাপতি পদে রসায়ন বিজ্ঞান বিভাগের আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের অধ্যাপক হাসিবুর রশীদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহা. জিয়াউর রহমান। সাদা দলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে রসায়ন বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ড. তাজমেরী এস এ ইসলাম ও সাধারণ সম্পাদক পদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মামুন আহমেদ। সহ-সভাপতি পদে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. আখতার হোসেন খান, কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক আলী আহসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।