চট্টগ্রামের লোহাগাড়ায় ধর্ষণ মামলার একজন আসামি র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। গতকাল সোমবার ভোরে লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. মাশকুর রহমান ইত্তেফাককে বলেন, ভোরে এক বন্দুকযুদ্ধের ঘটনায় ধর্ষণ মামলার একজন আসামি নিহত হয়েছে। নিহত মো. সাইফুল ইসলাম (৩০) উত্তর আমিরাবাদ এলাকার আবদুস সোবহানের পুত্র। তিনি আমিরাবাদের ঘোনাপাড়া এলাকায় ‘সৃজনশীল’ নামে একটি কোচিং সেন্টার পরিচালনা করতেন। গত ১২ এপ্রিল ঐ কোচিং সেন্টারের নবম শ্রেণির এক ছাত্রীর বাসায় গিয়ে তাকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগে মামলা হয় সাইফুলের বিরুদ্ধে।
এএসপি মাশকুর রহমান জানান, মামলা হওয়ার পর থেকে সাইফুল কোচিং সেন্টার বন্ধ করে দিয়ে আত্মগোপন করে। গত রবিবার রাতে উত্তর আমিরাবাদ এলাকায় তার অবস্থানের খবর পেয়ে র্যাবের একটি দল ভোরের দিকে সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সাইফুলের সহযোগীরা গুলি বর্ষণ করে। র্যাবও পাল্টা গুলি চালায়। বেশ কিছু সময় গুলিবিনিময়ের পর সাইফুলকে গুলিবিদ্ধ অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখা যায়। র্যাব সদস্যরা সাইফুলকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে দুটি অগ্নেয়াস্ত্র এবং ২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বলেও র্যাবের গণসংযোগ শাখা থেকে জানানো হয়।
