টেক জায়ান্ট অ্যাপল নিত্যনতুন প্রযুক্তি পণ্য দিয়ে চমকিত করে আসছে বিশ্বকে। আইপড, আইফোন, আইপ্যাডসহ জনপ্রিয়তম সব পণ্যের উদ্ভাবক তারা। স্টিভ জবস-এর হাত ধরে এসব চমকের আগমন ঘটলেও তার অবর্তমানেও থেমে নেই অ্যাপল। অনেকদিন থেকেই বাজারে গুজব রয়েছে অ্যাপল’র বিশেষ স্মার্ট হাতঘড়ির। তবে এখনও পর্যন্ত তা বাস্তবে পরিণত হওয়ার লক্ষণ দেখা যায়নি। তবে সাম্প্রতিক সময়ে চীনের কিছু অ্যাপল কারখানা থেকে প্রাপ্ত খবর অনুযায়ী এবারে এই ঘড়ি বাজারে আসার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে প্রযুক্তি বিশ্বে। চীনের টিজিবাস ডট কমের প্রকাশিত এই খবর অনুসারে দেড় ইঞ্চি আকৃতির এলইডি ডিসপ্লের এই ঘড়ির মাধ্যমেই ব্যবহারকারী টেক্সট করতে পারবেন, ইমেইল করতে পারবেন এবং ফেসবুকও ব্যবহার করতে পারবেন। একইসাথে এটি আইফোন এবং অন্যান্য ব্লুটুথ ডিভাইসের সাথেও সিনক্রোনাইজ হতে পারবে। এতে ব্যবহূত হবে আইপড ন্যানোর আগের সংস্করণটি। অ্যাপল’র ভয়েস অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার সিরি সমর্থিত এই স্মার্টওয়াচের জন্য ব্যবহার করা হবে ইন্টেলের কম শক্তির প্রসেসর। ২০১৩ সালেই এটি বাজারে আসবে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
