ঢাকা-সিংগাইর সড়কের বেইলি ব্রিজ ৩বার বিধ্বস্ত

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১২, ২০:৫৬
ঢাকা-সিংগাইর-মানিকগঞ্জ সড়কে আজিমপুর বেইলি ব্রিজ ৬ মাসে ৩বার বিধ্বস্ত হয়েছে। এতে করে যাত্রীসাধারণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নিম্নমানের কাজ হওয়াতে বিধ্বস্ত হচ্ছে সেতু। স্থানীয় বাসিন্দা ও মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র থেকে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি ১৬০ মিটার দৈর্ঘ্যের আজিমপুর বেইলি ব্রিজটির ক্রসবিম ও মাঝখানের ধাতব পাতগুলো ভেঙ্গে যায়। এতে ঐ সড়কের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। ওই সময় জরুরি ভিত্তিতে এক মাসের মধ্যে ঐ সেতুটির পাশে আরেকটি বেইলি সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়। নির্মাণ শেষে ৪১ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন সেতুটি ২৮ এপ্রিল যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। ওই সময় মাত্র ২ দিনের মাথায় মালবাহী একটি ট্রাক অতিক্রম করার সময় সেতুটি ভেঙ্গে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার আহত হয়। ওই সময় মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী শাহজাদা বাদি হয়ে ওই ট্রাকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের মামলা দায়ের করেছিলেন। এর আগে মূল বেইলি ব্রিজ ভাঙ্গার ঘটনায় গত ২০ মার্চ একই উপসহকারী প্রকৌশলী বাদি হয়ে একটি কাভার্ড ভ্যানের বিরুদ্ধে ৩কোটি টাকা ক্ষতি পূরণের মামলা করেছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে এই মামলা করা হয়েছিল। ৬ মাস যেতে না যেতেই শনিবার উক্ত সেতুটি আবার ভেঙ্গে যায়। সিংগাইর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ঠিকাদার ব্যবসায়ী মো. সায়েদুল ইসলাম ৬ মাসে ৩বার সেতু বিধ্বস্ত প্রসঙ্গে বলেন, ঠিকাদারের দুর্নীতির কারণে সেতু ভাঙ্গেনি। ভেঙ্গেছে প্রকৌশলীদের দুর্নীতির কারণে।