ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশের একটি দল সাদা পোশাকে খোকন মিয়া (৩০) নামক ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে আটকের প্রতিবাদে চার এএসআই ও এক পুলিশ কনস্টেবলকে আটকে রাখে স্থানীয় ব্যবসায়ী ও জনতা। রবিবার রাতে উপজেলার রামগোপালপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ ব্যবসায়ী ও জনতা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখে।
খোকন মিয়া বাসস্ট্যান্ডে ফ্লেক্সিলোড, মোবাইল যন্ত্রাংশ ও বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবসা করেন। রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম জিন্নত জানান, সাদা পোশাকে একদল পুলিশ দোকানে রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালায়। প্রথম দফায় খোঁজাখুঁজি করে কিছু পায়নি পুলিশ। তারপর আরেক পুলিশ সদস্য জানান, বৈদ্যুতিক তারের কয়েলের ভিতরে মাদক রয়েছে। এরপর তাকে চড়-থাপ্পড় মেরে হাতকড়া পরিয়ে নিয়ে আসার সময় উত্তেজিত জনতা ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে পড়ে। পুলিশের নির্যাতনে আহত ব্যবসায়ী খোকনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে তার চাচা জানিয়েছেন। খোকন মিয়ার ভাই রিপন মিয়া জানান, ‘আমার ভাইয়ের দোকানে সিসি ক্যামেরা থাকলেও দোকান তল্লাশির সময় তা বন্ধ করে রাখা হয়’।
উত্তেজিত জনতার প্রতিবাদের মুখে ব্যবসায়ীকে ছেড়ে দিলেও জনতা পুলিশকে অবরুদ্ধ করে রাখে। পরে এএসআই আব্দুল আউয়াল, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন, রুহুল আমিন ও কনস্টেবল আল আমিন অটোটেম্পো মালিক সমিতির কার্যালয়ে এসে আশ্রয় নিলে জনতা ওই অফিস ঘেরাও করে তাদের আটকে রাখে। উত্তেজিত জনতা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে। রাত ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) শাখের হোসেন সিদ্দিকী, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে বিচারের বিষয়ে আশ্বস্ত করায় এলাকাবাসী অবরোধ তুলে নেন।
গভীর রাত পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) শাখের হোসেন সিদ্দিকী ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মাওলা ঘটনাস্থলে তদন্ত কাজ পরিচালনা করেন। দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে আটক পুলিশ সদস্যদের নিয়ে আসেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মাওলা জানান, ‘অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) ঘটনার তদন্ত করছেন। ওই পাঁচ পুলিশ সদস্যকে ময়মনসিংহ পুলিশ লাইনে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’।
