ধমনীতে রক্ত জমাট বেঁধেছে হিলারির

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১২, ২২:৩৯
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ধমনীতে রক্ত জমাট বাঁধায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, গতকাল সোমবার তাকে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। খবর বিবিসির। হিলারির মুখপাত্র ফিলিপ রাইনস জানান, রবিবার স্বাস্থ্য পরীক্ষার সময় তার রক্ত জমাট বাঁধার বিষয়টি ধরা পড়ে। এ কারণে তাকে নিউইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সকেরা তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অসুস্থতার কারণে সংজ্ঞা হারিয়ে পড়ে গিয়েছিলেন হিলারি (৬৫)। সে সময়ের মাথায় আঘাত থেকেই রক্ত জমাট বাঁধার মতো জটিলতার সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই সময় বলা হয়, হিলারির দেহে চরম পানিশূন্যতা দেখা দিয়েছিল। এ কারণে তিনি চেতনা হারিয়ে ফেলেন। তখন তার অসুস্থতার জন্য লিবিয়ার বেনগাজিতে মার্কিন দূতাবাসে সন্ত্রাসী হামলার বিষয়ে কংগ্রেসের বিদেশ-সংক্রান্ত কমিটির নির্ধারিত শুনানি বাতিল করা হয়। অসুস্থতার কারণে বাতিল করা হয় তার মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকা সফর। বারাক ওবামার প্রথম মেয়াদে ২০০৯ সালে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান ওই সময়ের ডেমোক্র্যাট সিনেটর হিলারি ক্লিনটন। বার্তা সংস্থা এপি জানায়, গত চার বছরে ১১২টি দেশ সফর করেছেন তিনি। ওবামার দ্বিতীয় মেয়াদে সিনেটর জন কেরিকে পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দেয়া হয়েছে। হিলারির স্থলাভিষিক্ত হবেন তিনি।