কবি জসীম উদদীনের আজ জন্মদিন

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১২, ২২:৪১
আজ ১ জানুয়ারি পল্লী কবি জসীম উদদীনের ১১০তম জন্মদিন। এ উপলক্ষে ফরিদপুরে মিলাদ মাহফিল এবং জাতীয় জসীম উদদীন পরিষদের উদ্যোগে সারাদেশে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কবি জসীম উদদীনের জন্মদিন, মৃত্যু দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়েছেন ন্যাপ ভাসানীর মহাসচিব হাসরত খান ভাসানী ও জাতীয় জসীম উদদীন পরিষদের মহাসচিব বিপ্লব ফারুক। কবি জসীম উদদীনের কনিষ্ঠপুত্র খুরশীদ আনোয়ার জসীম উদদীন জানান, কবি জসীম উদদীনের ফরিদপুরের বাসভবনটির মতো কমলাপুরের বাসভবনটিও মিউজিয়াম বানানোর উদ্যোগ গ্রহণ করেছি। কমলাপুরের বাসভবনটি রাষ্ট্রীয়ভাবে রক্ষণাবেক্ষণের জন্য সরকারি উদ্যোগ জরুরি। কবি জসীম উদদীন ১৯০৩ সালের এইদিনে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৬ সালের ১৪ মার্চ ইন্তেকাল করেন। এদিকে ফরিদপুর প্রতিনিধি জানান, কবির জন্মদিন উপলক্ষে ফরিদপুর শহরতলীর অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুরে কবির সমাধিস্থল জসীম উদ্যানে পক্ষকালব্যাপী মেলার প্রস্তুতি চলছে। দেশের লোকজ, পল্লী, বাউল ঐতিহ্য বিকাশের লক্ষ্যে জসীম ফাউন্ডেশনের আয়োজনে ১৯৯১ সাল থেকে প্রতিবছর মেলাটির আয়োজন করা হয়।