খুচরা বিদ্যুতের দাম বৃদ্ধির সুপারিশ বিইআরসি’র

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১২, ২২:৪২
ঢাকা বিদ্যুত্ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) এবং ঢাকা বিদ্যুত্ সরবরাহ কর্তৃপক্ষের (ডেসকো) খুচরা বিদ্যুতের দাম যথাক্রমে ৩ দশমিক ৬৫ ভাগ এবং ৩ দশমিক ৩০ ভাগ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি। গতকাল সোমবার কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত দুটি প্রতিষ্ঠানের বিদ্যুতের দাম বাড়ানোর ওপর গণশুনানিতে মূল্যায়ন কমিটি এ সুপারিশ করে। বিইআরসি চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে উপস্থিত ছিলেন বিইআরসির অপর দুই সদস্য ড. সেলিম মাহমুদ এবং দেলোয়ার হোসেন। এছাড়া ডিপিডিসি, ডেসকোর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এফবিসিসিআই, বিকেএমইএ, মেট্রোপলিটন চেম্বারের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। গত ১ সেপ্টেম্বর বিদ্যুতের দাম বাড়ানোর পরও বিতরণ পর্যায়ে লোকসান হচ্ছে উল্লেখ করে ডিপিডিসি ১১ দশমিক ৩১ ভাগ এবং ডেসকো ১১ দশমিক ৬৯ ভাগ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করে। ডিপিডিসির পক্ষ থেকে শুনানিতে বলা হয়, এই পরিমাণ দাম বাড়ানো না হলে তাদের বছরে ৩২৫ কোটি টাকা লোকসান হবে। অন্যদিকে ডেসকোর পক্ষ থেকে বলা হয়, দাম না বাড়ালে কোনো লোকসান হবে না। কিন্তু বিদ্যুত্ ক্রয় ও বিক্রয়ের মধ্যে সমন্বয়ের জন্য দাম বাড়ানো প্রয়োজন।