নগরীর গোলপাহাড় এলাকায় গতকাল সোমবার দুষ্কৃতিকারীদের উপর্যুপরি ছুরিকাঘাতে সাইদুল ইসলাম রুবেল (২৫) নামে চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের এক ছাত্র মারা গেছে।এই হত্যাকান্ডের প্রতিবাদে এলাকাবাসী সকাল থেকে গোল পাহাড় মোড় এলাকায় বিক্ষোভ করে। এ সময় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
নিহত রুবেল মেহেদীবাগ এলাকায় অবস্থিত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কলোনির বাসিন্দা আমিনুল ইসলামের ছেলে। রবিবার রাতে চট্টগ্রাম ক্লাবে একটি অনুষ্ঠান শেষ করে ভোরে বাসায় ফিরছিলেন। কলোনীর মুখে পৌঁছলে আগে থেকে ওত্ঁপেতে থাকা কয়েকজন দুষ্কৃতিকারী তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। তার পেটে ও পিটে এলোপাথাড়ি ছুরিকাঘাতের ফলে ঘটনাস্থলে সে মারা যায়। নিহত রুবেল একটি ব্যান্ড দলের গীটার বাদক।
এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের পিতা আমিনুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাতনামা ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
