ওপেন সোর্স স্মার্টফোন ওএস আনবে স্যামসাং-ডোকোমো

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ১৯:৫৫
সদ্য শেষ হওয়া ২০১২ সালে স্যামসাং দখল করে নিয়েছে মোবাইল ফোনের শীর্ষ প্রতিষ্ঠানের স্থান। নকিয়ার ১৪ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে তারা পেছনে ফেলে দেয় তাদের। স্যামসাংয়ের এই উত্থানের পেছনে অবধারিতভাবেই ছিল অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের বিশাল অবদান। তবে এর বাইরে তারা ফিচার ফোনেও এগিয়ে গিয়েছে অনেকটা পথ। এখানেই অবশ্য থেমে থাকতে রাজি নয় তারা। স্মার্টফোন নিয়ে নানা ধরনের গবেষণা এবং পরীক্ষা চালিয়ে যাচ্ছে তারা। এরই প্রমাণ আবারও তারা দিয়েছে নতুন একটি অপারেটিং সিস্টেম নিয়ে আসার ঘোষণা দিয়ে। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও জাপানের কয়েকটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জাপানের টেলিকম অপারেটর এনটিটি ডোকোমো এবং প্রসেসর জায়ান্ট ইন্টেলের সাথে যৌথ উদ্যোগে স্যামসাং বাজারে নিয়ে আসবে ওপেন সোর্সভিত্তিক টিজেন স্মার্টফোন অপারেটিং সিস্টেম। লিনাক্সনির্ভর এই অপারেটিং সিস্টেমটির সূচনা অবশ্য হয়েছে আরও আগেই। নকিয়া তাদের মিগো অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করা বন্ধ করলে স্যামসাংয়ের উদ্যোগেই ‘টিজেন’ স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি তৈরির উদ্যোগ নেওয়া হয়। এই উদ্যোগে তারা সম্পৃক্ত করে ইন্টেলকে। এনটিটি ডেকোমো-ও তাদের সঙ্গী হয়। তবে অ্যানড্রয়েড আর আইওএস-এর দাপটে টিজেন নিয়ে আর কাজ আগায়নি। দীর্ঘদিন পর গত বছরের মাঝামাঝিতে টিজেনের কিছু সোর্স কোড এবং ডেভেলপমেন্ট কিট প্রকাশ করা হয়। আর তখন থেকেই এটি নিয়ে কাজ করে যাচ্ছে স্যামসাং, ইন্টেল এবং এনটিটি ডেকোমো। জাপানে এই টিজেন স্মার্টফোন বাজারজাত করার বিষয়ে অত্যন্ত আগ্রহের সাথেই অপেক্ষা করছে ডেকোমো। এর বাইরে ভোডাফোন বা ফ্রান্স টেলিকমের মতো অপারেটরগুলোও টিজেন স্মার্টফোন বাজারজাত করতে আগ্রহী। আইওএস এবং অ্যানড্রয়েডের যে একাধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে স্মার্টফোন এবং ট্যাবলেট পিসি’র বাজারে, তাতে ভাগ বসানোর মতো শক্তিশালী একটি ওএস হিসেবেই এসব প্রতিষ্ঠান বিবেচনা করে আসছে টিজেনকে। এদিকে স্যামসাং মূলত স্মার্টফোনের শুরু থেকেই অ্যানড্রয়েডকে প্রাধান্য দিয়ে আসছে। মাঝে তারা নিজেদের ‘বাডা’ অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করতে চাইলেও তা সাড়া ফেলতে পারেনি। ফলে ‘বাডা’ পরিণত হয়েছে অপ্রয়োজনীয় একটি অপারেটিং সিস্টেমে। ফলে বাডাকে টিজেনের সাথে একীভূত করার সম্ভাবনাও দেখছেন অনেকেই। জাপানের দৈনিক ইয়োমিউরি প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, টিজেন হতে পারে সময়ের উপযোগী একটি অপারেটিং সিস্টেম। এইচটিএমএল ৫সহ আধুনিক সব ফিচার ব্যবহার করা যাবে এতে। আর কেবল স্মার্টফোনই নয়, ট্যাবলেট পিসি, স্মার্ট কার, স্মার্ট টিভিসহ অনেক ডিভাইসেই টিজেনকে ব্যবহারোপোযোগী করে তৈরি করা যাবে বলেই জানিয়েছে তারা।