বিসিএস-এর বার্ষিক সাধারণ সভা ২০১২ অনুষ্ঠিত

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ১৯:৫৬
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর ‘বার্ষিক সাধারণ সভা ২০১২’ অনুষ্ঠিত হয়ে গেল গত ৩১ ডিসেম্বর ঢাকার শের-ই-বাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজারে। সমিতির সভাপতি মো. ফয়েজউল্যাহ খান উক্ত সভায় সভাপতিত্ব করেন। সংগঠনের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য এতে উপস্থিত ছিলেন। সভা পরিচালনার কাজে সভাপতিকে সহায়তা প্রদান করেন বিসিএস-এর সহ-সভাপতি মো. মঈনুল ইসলাম, মহাসচিব মো. শাহিদ-উল-মুনীর, কোষাধ্যক্ষ মো. জাবেদুর রহমান শাহীন এবং পরিচালকত্রয় মোস্তাফা জব্বার, এটি শফিক উদ্দিন আহমেদ ও মজিবুর রহমান স্বপন। সভাপতির অনুরোধে বিসিএস মহাসচিব মো. শাহিদ-উল-মুনীর সভায় সমিতির ২০১২ সালের কর্মকাণ্ডের বিবরণী এবং কোষাধ্যক্ষ মো. জাবেদুর রহমান শাহীন বিগত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও আগামী অর্থ বছরের জন্য সমিতির বাজেট পেশ করেন। পেশকৃত এসব প্রতিবেদনের উপর সভায় উপস্থিত সমিতির উল্লেখযোগ্য সংখ্যক সদস্য আলোচনায় অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। এসব আলোচনা ও মতামতের পরিপ্রেক্ষিতে উত্থাপিত বিষয়াবলী সভায় সিদ্ধান্ত আকারে গৃহীত হয়।