বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে স্বীকৃত অস্কারের যেকোনো ক্যাটাগরিতে সেরা নির্বাচন করা নিঃসন্দেহে একটি কঠিন কাজ। বিশেষ করে সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী বা সেরা চলচ্চিত্র নির্বাচন করতে যেয়ে প্রায়ই নানা দ্বিধা-দ্বন্দ্বে পড়তে হয় নির্বাচকদের। এক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেও একজন বা একটি চলচ্চিত্রকে সেরা ঘোষণা করতে পারলেও ১৯৩২ সালের অস্কার আয়োজনে বোধ করি অনেক বেশি দ্বিধার মাঝেই ছিলেন আয়োজকরা। আর তাই অস্কারের ইতিহাসে একমাত্র উদাহরণ হিসেবে শুধুমাত্র সে বছরই সেরা অভিনেতার পুরস্কার তুলে দেওয়া হয়েছিল একই সাথে দুজনকে। একই সাথে সেরা অভিনেতার পুরস্কার পাওয়া এই দুজন ছিলেন ওয়ালেস বেরি (‘দ্য চ্যাম্প’ চলচ্চিত্রের জন্য) এবং ফ্রেডরিক মার্চ (‘ড. জেকিল অ্যান্ড মিস্টার হাইড’ চলচ্চিত্রের জন্য)।
