প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবিরোধী নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। গতকাল মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। মন্ত্রিসভায় শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে দেশের নিরাপত্তা নিয়ে আলোচনা হয় এবং বিদ্যমান কাঠামোর মধ্যেই দেশব্যাপী সন্ত্রাসবিরোধী নিরাপত্তা ও গোয়েন্দা তত্পরতা জোরদারের নির্দেশ দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) বলেন, ‘বৈঠকে দেশব্যাপী সন্ত্রাসবিরোধী নিরাপত্তা ও গোয়েন্দা তত্পরতা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।’ বৈঠকে ২১ থেকে ২৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রুনাই সফর সম্পর্কে অবহিত করা হয়। বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ১ ও ২ মার্চ অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) ৪৬তম সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণ সম্পর্কে অবহিত করা হয়। বৈঠকে মন্ত্রিসভাকে জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সচিবালয়ে ৩ থেকে ৫ এপ্রিল অনুষ্ঠিত বাংলাদেশের ‘৫ম ট্রেড পলিসি রিভিউ’ এর সভায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণ সম্পর্কেও অবহিত করা হয়।
মন্ত্রীদের সতর্ক থেকে জঙ্গিবিরোধী জনমত গড়ে তোলার নির্দেশ
সূত্র জানায়, প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে দেশে যে কোনো ধরনের সন্ত্রাসী ও জঙ্গি হামলার বিষয়ে অধিকতর সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি মন্ত্রিসভার সদস্যদের সতর্ক থেকে জঙ্গিবিরোধী জনমত গড়ে তোলার নির্দেশনা দিয়ে বলেন, মন্ত্রিসভার সকল সদস্যকে নিজ নিজ অবস্থানে থেকে যে কোনো ধরনের নাশকতাসহ জঙ্গি বা সন্ত্রাসী হামলা সম্পর্কে নজরদারি বাড়াতে হবে। মন্ত্রিপরিষদের সদস্যসহ সব এমপি, জনপ্রতিনিধি এবং আমাদের নিজ নিজ এলাকায় মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে নিয়ে সব ধরনের জঙ্গি ও সন্ত্রাসী হামলার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে।
