সেমি ফাইনালের চ্যালেঞ্জ নিতে চায় বাংলাদেশ

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ২২:৪০

সারা দেশের মতো মহানগরী ঢাকাতেও প্রচণ্ড উত্তাপ। মনে হচ্ছিল পুড়ছে ঢাকা। এর মধ্যেই পড়ে আসা দুপুরে হঠাত্ একটু সবুজ হয়ে উঠল যেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের এক প্রান্ত। কারণ, বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের জার্সি পরে অংশ নিলেন অফিশিয়াল ফটো সেশনে। তবে দলে থাকলেও অলরাউন্ডার সাকিব আল হাসান ফটো সেশনে অংশ নেননি। এই ফটো তোলার পর্বের আগে দলের অধিনায়ক মাশরাফি বিশ্বকাপের আগে দেশে শেষ সংবাদ সম্মেলন করে ফেললেন। আর সেই সংবাদ সম্মেলনে বললেন, খুব চ্যালেঞ্জিং হলেও তাদের লক্ষ্য বিশ্বকাপের সেমিফাইনাল খেলা।

এর আগে সকাল আটটা থেকে অনুশীলন করে বিশ্বকাপ ও আয়ারল্যান্ড ম্যাচের সব সদস্য। আগামী ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হবে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ। তার আগে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। আগামীকাল বুধবার বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের জন্য দেশ ছাড়বে মাশরাফির দল। বিশ্বকাপের জন্য যাচ্ছেন ১৫ জন সদস্য। আর আয়ারল্যান্ড সিরিজে বাড়তি আরো চার জন থাকছেন দলের সঙ্গে। গতকালকের সংবাদ সম্মেলন জুড়ে রইল বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন, সাউথ আফ্রিকার বিরুদ্ধে।

সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে অধিনায়ক মাশরাফি বললেন, তাদের লক্ষ্য অবশ্য প্রথমে সেমিফাইনাল পর্যন্ত যাওয়া। তবে সেই কাজটা যে খুব কঠিন হবে, সেটা মাশরাফি বারবারই উল্লেখ করলেন, ‘আমাদের সেমিফাইনালে যাওয়া খুব বড় চ্যালেঞ্জ। এর আগে যেটা বলতাম যে, সেমিফাইনাল গেলে একটা একটা ম্যাচ। এখনো তাই বলতে হচ্ছে। সেমিফাইনালে যদি যেতে পারি, অনেক বড় অর্জন হবে। কারণ এবারের ফরম্যাট সেই ৯২-এর মতো; যেটা খুব কঠিন। সেমিফাইনালে যাওয়া অনেক বড় অর্জন হবে।’