কোহলিকে নিয়ে অনিশ্চয়তা

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ২১:০৯
ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠেয় দ্বিতীয় ওয়ানডেতে খেলবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় এ ম্যাচটি শুরু হবে। ডান-হাতি এই তারকা ব্যাটসম্যান গত রবিবার চেন্নাইয়ে প্রথম ওয়ানডে ম্যাচে পায়ের ইনজুরিতে আক্রান্ত হন। পাকিস্তান গত রবিবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ছয় উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। ভারত ও পাকিস্তান এর আগে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল। দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান কোহলি প্রথম ম্যাচের ৪১তম ওভারে বোলিং করতে গিয়ে ইনজুরির কবলে পড়েন। বোলিং করতে গিয়ে কোহলি পেছনের পা পিছলে পড়ে যান। মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। সুরেশ রায়না ওভারের শেষ বলটি করেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানায়, কোহলির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি দ্বিতীয় ওয়ানডে খেলবেন কিনা গতকাল পর্যন্ত এ নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি।