শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী ৮ গ্রামের মানুষ বন্যহাতির উপদ্রব থেকে বাঁচতে বিদ্যুতের দাবিতে সোমবার এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছে। উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি জনপদ কাকিলাকূড়া ইউনিয়নের ভায়াডাঙ্গা এএম সিনিয়র মাদরাসা’র সভাপতি মো. আব্দুল হামিদ সোহাগের নেতৃত্বে চক্রপুর গ্রামের প্রধান সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে প্রায় ৫ হাজার মানুষ অংশ নেয়। বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তরা এ সময় ওই সীমান্ত গ্রামগুলোতে বিদ্যুতের দাবি জানায়। সীমান্ত এলাকায় বিদ্যুত্ না থাকায় বন্যহাতির আক্রমণের শিকার হয়ে প্রতি বছর ফসলের মৌসুমে প্রাণহানির ঘটনাও ঘটে। অনেকে আহত হয়ে পঙ্গুত্ববরণ করে। উল্লেখ, হাতীর আক্রমণে ব্যাপক ফসলহানির ফলে ওইসব এলাকার সাধারণ মানুষ এখন নিঃস্ব হওয়ার পথে। প্রকাশ, বন্যহাতি বিদ্যুতের আলো দেখে ভয় পায়। সীমান্তের যেসব এলাকায় বিদ্যুত্ রয়েছে সেসব এলাকায় বন্যহাতির উপদ্রব খুবই কম।
