চট্টগ্রামে মাজার ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন
চট্টগ্রাম অফিস \ চট্টগ্রাম হাটহাজারীর ফরহাদাবাদ গ্রামে আস্তানায়ে পাক দরবারে মূসাবীয়ায় দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের হামলা ভাংচুর লুটতরাজের প্রতিবাদে গত সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন গোলাম হোসেন, মাহবুবুল আলম, আমির হোসেন, খুরশীদ আলম ও শামসুল হুদা আহমদ। মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের ধর্মীয় মাজার দরবার এ মূসাবীয়ায় বহিরাগত ও শান্তি শৃঙ্খলা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বিঘ্নকারী লোকজন গত ২৮ ডিসেম্বর বিকালে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে পার্কিংরত একটি মাইক্রোবাস ভেঙে তছনছ করে দেয়।
গৌরনদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ বরিশালের গৌরনদী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গত সোমবার প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০১৩ সালের কার্যকরি কমিটিতে সভাপতি পদে খোন্দকার মনিরুজ্জামান মনির (সমকাল), সহ-সভাপতি এইচ এম নাসিরউদ্দিন (সংগ্রাম), সাধারণ সম্পাদক মোঃ হানিফ সরদার (নয়াদিগন্ত), কোষাধ্যক্ষ এম আলম (মানবজমিন), দপ্তর সম্পাদক নারগিস সুলতানা (বঙ্গজননী), প্রচার সম্পাদক উত্তম দাস (জনতা) নির্বাচিত হন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মুহাম্মদ মহিউদ্দিন।
নবীনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু জাফর মোঃ জামাল ডাক্তারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার এলাকার প্রতিটি ওয়ার্ডের স্থানীয় নেতাকর্মী ও জনগণ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
নেত্রকোনায় নারী প্রগতি সংঘের মানববন্ধন
নেত্রকোনা প্রতিনিধি \ পিতামাতার সম্পত্তিতে ছেলে-মেয়ে উভয়ের সমঅংশীদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে সার্বজনীন উত্তরাধিকার আইন প্রণয়নের দাবীতে গত সোমবার নেত্রকোনা জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গণে নারী প্রগতি সংঘের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এখানে বক্তব্য রাখেন তাহেজা বেগম, অধ্যাপক মতীন্দ্র সরকার, রাইসা আমজাদ লিলি, মিজানুর রহমান, খন্দকার আনিসুর রহমান, এডভোকেট শহীদুল্লাহ, আলী আমজাদ খান আন্টু প্রমুখ।
আড়াইহাজারে সাইজিং মিলে আগুন
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজারের একটি সাইজিং মিলে সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাধবদীর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। মিল মালিক মনির হোসেন জানান, দুপুর অনুমান ২টার দিকে হঠাত্ করে যান্ত্রিক ত্রুটি পুর্ণ একটি মেশিনে আগুন ধরে গিয়ে আগুন মিলে ছড়িয়ে পড়ে। এতে কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে।
মংলা বন্দরে ৩০ কোটি টাকার পোস্তদানা ধ্বংস
মংলা সংবাদদাতা \ বাংলাদেশ-ভারত-নেপাল ট্রানজিট চুক্তির আওতায় মংলা বন্দর দিয়ে আমদানীকৃত আমদানী নিষিদ্ধ প্রায় ৩০ কোটি টাকা মূলের পোস্তদানা (নেশাজাত দ্রব্য) ধ্বংস করেছে কাস্টমস। সোমবার বন্দর এলাকায় ৮ কন্টেইনার বোঝাই ২শ’ ৪০ মে:টন নেশাজাত দ্রব্য ধ্বংস করা হয়। মংলা কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার হোসাইন আহমেদ জানান, ২০০৮ সালে নেপালের ১২টি আমদানীকারক প্রতিষ্ঠান মংলা বন্দর দিয়ে এ পোস্তদানা আমদানী করে।
কচুয়ার উজানী মাদ্রাসার মাহফিল আজ শুরু
আবুল হোসেন, কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা \ ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত অলিয়ে কামেল ক্বারী ইব্রাহীম (র:) প্রতিষ্ঠিত কচুয়া উজানী ইসলামিয়া ইব্রাহীমীয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল ২ ও ৩ জানুয়ারি। প্রতি বছরের ন্যায় এ বছরও এ মাহফিলে দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ ওয়াজ নসিহত করবেন। মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে জানানো হয়- সুশৃঙ্খলভাবে মাহফিলের কাজ সম্পন্ন করতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মুন্সীগঞ্জে বিএনপির মানববন্ধন
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ সোমবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার ছনবাড়ি পয়েন্টে মানববন্ধন করেছে বিএনপি। কারাবন্দি কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও আমার দেশ প্রত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের মামলা প্রত্যাহারের দাবীতে এই কমূসূচীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপুসহ এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিরসরাই বণিক সমিতির বিক্ষোভ
মিরসরাই সংবাদদাতা \ মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসদরে রুপসী জুয়েলার্সের ডাকাতি ও হামলার ঘটনার প্রতিবাদে সোমবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মিরসরাই বণিক সমিতি। মানববন্ধনে বক্তব্য রাখেন মিরসরাই বণিক সমিতি সভাপতি গোপাল বণিক, সাধারণ সম্পাদক দুলাল বণিক, ধ্রব বণিক, পলাশ বণিক প্রমুখ। মানববন্ধন শেষে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেয়া হয়।
নিয়ামতপুরে উড়াও ছাত্র-ছাত্রীদের সম্মেলন
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠি উড়াও সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের তিন দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার তিন দিনব্যাপী এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্মেলন সমন্বয়কারী নরেশ চন্দ্র উড়াও, আদিবাসী নেতা বঙ্গপাল উড়াও, দিপংকর লাকড়া, নিপা মিনজ, অধ্যাপক যোগেন্দ্র নাথ, প্রভাষক কৃষ্ণা মিনজ, নন্দলাল উড়াও, বরেন্দ্র টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক নাট্যকার আজাদুল ইসলাম আজাদ প্রমাখ। এ সম্মেলনে উত্তরাঞ্চলের ১৬টি জেলা থেকে তিন শতাধিক উড়াও ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
গৌরনদীর ৬৩ ছাত্রীর আত্মহত্যার হুমকি
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ আন্দোলন-সংগ্রাম করেও এইচএসসি পরীক্ষায় ফরম পূরণ করতে না পারায় বরিশালের গৌরনদী গার্লস হাইস্কুল এন্ড কলেজের নির্বাচনী পরীক্ষায় ফেল করা ৬৩ জন ছাত্রীর ভবিষ্যত্ অনিশ্চিত হয়ে পড়েছে। ফরম পূরণে ব্যর্থ হয়ে সোমবার দুপুরে পুনরায় বঞ্চিত ছাত্রীরা কলেজের অধ্যক্ষসহ শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। এ সময় তারা আত্মহত্যার হুমকি দেয়। বরিশাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ৩০ ডিসেম্বর রবিবার ছিল ফরম পূরণের শেষ দিন। তাই ওইসব শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা ফরম পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে শিক্ষামন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
ঈশ্বরদীতে ১০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা \ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের ১০ জন নেতা-কর্মী সোমবার দুপুরে দল ত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর দলীয় কার্যালয়ে এসে এই নেতা-কর্মীরা আনুষ্ঠানিক ভাবে দল বদল করে বিএনপিতে যোগ দেন। দলীয় নেতাকর্মীর দল বদল সম্পর্কে জানতে চাইলে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী মালিথা বলেন, যারা দল বদল করেছেন, তারা পৌর আওয়ামীলীগের কোন গুরুত্বপূর্ণ নেতাকর্মী না।
সুন্দরগঞ্জে ক্ষতিপূরণ ৫৫ হাজার টাকা
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলার ধোপাডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হাবিবুর রহমান (২৫)’র জীবনের মূল্য ৫৫ হাজার টাকা ধায্য করে লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। জানা যায়, গত সোমবার সকালে কিশামত হলদিয়া নামক স্থানে ট্রাক-ট্রলির মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান লাশ দাফন না করেই ট্রাক মালিকের সঙ্গে ৫৫ হাজার টাকা রফাদফার মাধ্যমে লাশ দাফন করে। এব্যাপারে থানায় কোন মামলা হয়নি।
নেত্রকোনায় আমন চাল সংগ্রহে চুক্তি
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনায় চলতি আমন মৌসুমে আমন চাল ক্রয়ের জন্য গত সোমবার শেষ দিনে ২ শত চালকল মালিকের (মিলার) সাথে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ চুক্তি করেছে। সোমবার ছিল মিলারদের সাথে চুক্তি করার শেষ দিন। গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, জেলার ১০টি উপজেলার মিলারের নিকট থেকে ১৫ হাজার ৩ শত টন চাল ক্রয় করা হবে। এর মধ্যে ৭ হাজার টন আতপ চাল রয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান এ প্রতিনিধিকে জানান, আমন ধানের মূল্য কিছুটা বৃদ্ধি পাওয়ায় কৃষকরা ধানের মূল্য পাবে বলে তারা আশা করছেন। জেলা চালকল মালিক সমিতির সভাপতি ফরিদ আহমেদ খান এবং সম্পাদক এইচআর খান পাঠান সাকি জানান, ইতিমধ্যে মিল সমালিকরা ধান সংগ্রহ শুরু করেছে এবং এরপর মিলে চাল তৈরী করে গোদামে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে চাল প্রদান করা হবে।
আড়াইহাজারে আর্সেনিক বিষযক কর্মশালা
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজার উপজেলা পরিষদের হল রুমে মঙ্গলবার আর্সোনিকোসিস রোগ নির্ণয় ও ব্যবস্থাপনার উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া খান। আর ও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ জালাল উদ্দীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম. উপজেলা প্রকৌশলী এহসানুল হক, পরিসংখ্যান কর্মকর্তা মাহমুদা খানম, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ। সভায় কমিটির সদস্য, বিভিন্ন দফতরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
মিঠাপুকুরে সাংবাদিক সম্মেলন
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ ওয়্যারবী নিরাপদ অভিবাসন তথ্য সহায়তা কেন্দ্রের আয়োজনে নিরাপদ অভিবাসনের প্রতিবন্ধকতা ও এর প্রতিকার বিষয়ে সোমবার মিঠাপুকুর প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ওয়্যারবী নিরাপদ অভিবাসন তথ্য সহায়তা কেন্দ্রের সেন্টার ম্যানেজার হারুন-অর-রশিদ লিখিত বক্তব্যে বলেন, সরকারিভাবে মালেয়েশিয়া যেতে ইচ্ছুক অনলাইনে নাম রেজিষ্ট্রেশনের মাধ্যমে বিদেশে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে এবং পাসপোর্ট ছাড়াও আবেদন করা যাবে। মোট জনসংখ্যার ভিত্তিতে জেলাওয়ারি কোঠা নির্ধারণ করা হয়েছে। আগ্রহীদের মধ্যস্বত্বভোগী বা দালালদের প্রচারণায় কান না দিয়ে ওয়্যারবী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এসে সঠিক তথ্য ও পরামর্শ নেওয়ার আহবান জানিয়েছে।
ঘোড়াঘাটে সড়কে গন ডাকাতি
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদাতা \ উপজেলার রাণীগঞ্জ সুরা মসজিদ সড়কে সোমবার গনডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা একটি ট্রাক ব্যারিকেড দিয়ে ২০/২৫ জনের নিকট থেকে প্রায় লক্ষ্যাধিক টাকা ছিনিয়ে নেয়। এছাড়াও ডাকাতেরা ৮/৯ টি মোটর সাইকেল আটক করলেও একটি নতুন ডিসকভারী মোটরসাইকেল নিয়ে বাকি গুলো ছেড়ে দেয়। মোটরসাইকেলের মালিক বিন্যাগাড়ি গ্রামের ছাত্রলীগ নেতা মামুন।
রানীনগরে ভ্রাম্যমান আদালত
রানীনগর (নওগাঁ) সংবাদদাতা \ রাণীনগরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ ইটভাটা নির্মান, অবৈধ ছ’মিল স্থাপন, ভেজাল মিষ্টি তৈরী ও কিটনাশক দোকানে অভিযান চালিয়ে সোমবার একজনকে জেল হাজতে প্রেরনসহ তাত্ক্ষনিক ভাবে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে। রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরুল ইসলাম পাটওয়ারীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়।
টাঙ্গাইলে বিজিএস’র সনদপত্র বিতরণ
টাঙ্গাইল প্রতিনিধি \ বাংলা -জার্মান সমপ্রীতি (বিজিএস) ভকেশনাল ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে টাঙ্গাইল শহরের দেওলায় সংস্থার কার্যালয়ে এ সনদপত্র বিতরণ করা হয়।বিজিএস এর নির্বাহী পরিচালক জহুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা - তথ্য যোগাযোগ প্রযুক্তি) জহিরুল ইসলাম। বক্তৃতা করেন টাঙ্গাইল চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক শামসুল আলম চৌধুরী খোকা, প্রশিক্ষণার্থীদের পক্ষে লুত্ফর রহমান ও জেসমিন আক্তার। স্বাগত বক্তৃতা করেন প্রকল্প সমন্বয়কারী জগদীশ চন্দ্র রায়। এ বছর এখান থেকে উত্তীর্ণ ৬টি ট্রেডে ৮৪ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র দেয়া হয়।
বাউফলে প্রৌঢ় নাগরিক ফোরাম গঠন
বাউফল সংবাদ দাতা \ পটুয়াখালীর বাউফলে গতকাল মঙ্গলবার ‘ পৌঢ় নাগরিক ফোরাম’ নামে একটি অরাজনৈতিক , স্বেচ্ছাসেবী সমাজকল্যান মূলক সংগঠনের আত্ম প্রকাশ ঘটে । সংস্থাটির আহবায়ক সৈয়ম আহম্মদ মিয়া স্থানীয় হাইস্কুল অডিটরিয়ামে এক জনাকীর্ণ সমাবেশে সংস্থাটির আদর্শ উদ্দেশ্য ও লক্ষ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করেন । বাউফলে বসবাসকারী পঞ্চাশোর্ধ হদয়বান, সমাজ হিতৈষী ব্যক্তি , সরকারি বেসরকারি অবসর প্রাপ্ত কর্মকর্তা কর্মচারী এবং সক্রিয় ভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত নন এমন ব্যক্তিদের নিয়ে এ সংগঠন ।
সেতাবগঞ্জ চিনিকলে ইউনিয়ন নির্বাচন ১৩ জানুয়ারি
বোচাগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুর সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। রবিবার এক সভা শেষে শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। সাধারণ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ চিনিকল শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ওবায়দুল হক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দুলাল, শ্রমিক নেতা প্রশান্ত কুমার চৌহান, আইনুল, মানিক প্রমুখ।
