ভিকারুন নিসার অধ্যক্ষ নিয়োগ স্থগিত তদন্ত কমিটি গঠন

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ২২:৪২

নিয়োগ পরীক্ষায় অনিয়মের দায়ে রাজধানীর খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে। গত সোমবার এ সংক্রান্ত একটি রিপোর্ট দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হবার পর সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগ থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে লেখা শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, গত ২৬ এপ্রিল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ উত্থাপিত হওয়ায় নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। মন্ত্রণালয়ের উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত এ পত্রের অনুলিপি ভিকারুননিসার গভর্নিং বডির চেয়ারম্যানকেও দেওয়া হয়েছে। একই কর্মকর্তার স্বাক্ষরিত অপর এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে এ নিয়োগের অনিয়মের পুরো ঘটনা তদন্ত করে তিনদিনের মধ্যেই প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটি গঠনের বিষয়ে মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, মন্ত্রণালয়ের চিঠির কপি পেয়েছি। যে নিয়োগ নিয়ে অভিযোগ সেখানে মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবীর চৌধুরী ছিলেন। তার বিষয়ে তদন্ত মাউশির কাউকে দিয়ে করা সম্ভব নয়। এ কারণে এ বিষয়ে তদন্ত করবে মন্ত্রণালয়। এছাড়া গতকাল শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনার পরই ঢাকা বোর্ড থেকে এক আদেশে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।

ভিকারুননিসায় অধ্যক্ষ পদে নিয়োগের জন্য চূড়ান্ত করে রাখা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রুমানা শাহীন শেফার স্বামী দুর্নীতি দমন কমিশনের পরিচালক খন্দকার এনামুল বাছির। তিনি মুঠো ফোনে এই প্রতিবেদককে জানান, রিপোর্টের কারণে তার ও তার স্ত্রীর মান ক্ষুণ্ন হয়েছে। তিনি বলেন, পরীক্ষার প্রশ্ন ইংরেজি নয়। ইংরেজি ভার্সনে হয়েছে। পরীক্ষার প্রশ্নের মান ও লিখিত পরীক্ষা নেয়ার বিষয়ের সমালোচনা করেন দুদকের এই পরিচালক।

উল্লেখ্য, অধ্যক্ষ নিয়োগ দেওয়ার জন্য ২৬ এপ্রিল সকালে লিখিত পরীক্ষার আয়োজন করা হয়। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রুমানা শাহীন শেফাকে ভিকারুননিসার অধ্যক্ষ হিসেবে চূড়ান্ত করা হয়, যিনি লিখিত পরীক্ষায় মাত্র সাড়ে ৩ নম্বর পেয়েছেন।

গভর্নিং বডি ভেঙে আহবায়ক

কমিটি গঠনের দাবি

অভিভাবকরা  ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি ভেঙে দেওয়ারও দাবি তুলেছেন। গতকাল অভিভাবকদের পক্ষে খোরশেদ আলম ঢাকা বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিতভাবে এ দাবি জানান। তিনি জানান, নানা অনিয়মে জড়িয়ে পড়েছে গভর্নিং বডি। আগামী ৪ মে পর্যন্ত গভর্নিং বডির বহাল থাকার কথা থাকলেও অনিয়মে জড়িয়ে পড়ায় এই কমিটির বিরুদ্ধে অভিভাবকদের ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এ ঘটনা আন্দোলনের রূপ নিতে পারে। তাই প্রতিষ্ঠানটির ভাবমূর্তি রক্ষায় দ্রুত কমিটি ভেঙে দেয়ার দাবি জানানো হয়।