দুর্নীতি দমন কমিশন সোমবার চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন থানায় ১২টি মামলা দায়ের করেছে। তদন্তের পর অভিযোগের প্রমাণ হওয়ায় এসব মামলা করা হয়েছে। দুদক সূত্র থেকে জানা যায়, দুদকের উপ-পরিচালক শহীদুল আলম সরকার নগরীর পাহাড়তলী থানার উত্তর কাট্টলী পোস্ট অফিসের সাবেক পোস্টমাস্টার মো. ইব্রাহিম খলিল দিদারের বিরুদ্ধে ৩টি মামলা করেছেন। প্রায় এক বছর তদন্তের পর অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে।
এছাড়াও ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের লোহাগাড়া থানায় দুদকের উপ-পরিচালক আজিজুল হক ৪টি মামলা করেছেন। এসব মামলায় লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা মাওলানা মো. ইদ্রিস ও মো. সোহেলকে আসামি করা হয়েছে। অন্যদিকে যানবাহনের জাল দলিল, লাইসেন্সসহ বিভিন্ন কাগজপত্রের মাধ্যমে সরকারের আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলাম ও সহকারী উপ-পরিচালক আজিজুল হক বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-র প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আবু আশরাফ সিদ্দিকের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ৫টি মামলা করেছেন।
