যাত্রা শুরু করল ‘ডেল শী পাওয়ার’

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ২১:২৪
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘ডেল শী পাওয়ার’। এ উপলক্ষে দেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার তুতলী রহমানের তত্ত্বাবধানে আয়োজন করা হয় ‘জুয়েলারি ডাউন দ্য এইজ’ শিরোনামে বিশেষ ফ্যাশন শো। ডেল শি পাওয়ার-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন দুতাবাসের ডেপুটি চিপ জন ডানিলোবিচ। বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যক্তিত্ব ও নারী উদ্যোক্তাদের পাশাপাশি সিঙ্গাপুরে ডেলের আঞ্চলিক সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময়ে জন ডানিলোবিচ নারীদের সহায়তায় এবং ডেল শী পাওয়ার-এর সাফল্যের লক্ষ্যে মার্কিন দুতাবাসের আগ্রহ প্রকাশসহ সহায়তা প্রদানের বিষয়ে আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশ নারী নেতৃত্বে ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে। এছাড়াও তিনি ব্যবসা ক্ষেত্রে নারী উদ্যোগকে সহায়তা করায় ডেলকে উত্সাহ দিয়েছেন। ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির তার বক্তব্যে নারী উদ্যোক্তাদের সাথে কাজ করার প্রবল আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ‘নারী ক্ষমতায়নের মাধ্যমে তাদের উন্নতির পরবর্তী ধাপে নিয়ে যেতে ডেল শী পাওয়ার সরকার ও বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের সাথে কাজ করে যাবে। এ লক্ষ্যে তারা নারীদের প্রযুক্তিগত জ্ঞান, বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন এবং পেশাগত ও ব্যক্তিগত বিকাশে উদ্বুদ্ধকরণে কাজ করবে।’ তিনি আরও বলেন, ‘প্রথাগতভাবে বিভিন্ন উদ্যোগে পুরুষদের অধিপত্য লক্ষ করা গেলেও বর্তমানে অনেকেই এগিয়ে আসছেন। নারীরা এখন সকল বাঁধা-বিপত্তি পেরিয়ে ব্যবসায় উদ্যোগে সাফল্য অর্জন করতে সক্ষম হচ্ছে।’ অনুষ্ঠানে ডেলের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ কর্মসূচী ‘জয়ীতা’র সেরা ৬জন অংশগ্রহণকারীকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া নারী উদ্যোক্তাদের চাহিদা পূরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে একযোগে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। নারী ক্ষমতায়নের লক্ষ্যে তাদেরকে সাথে নিয়ে বিভিন্ন কর্মসূচি আয়োজনে ডেল শী পাওয়ার একটি ত্রৈমাসিক পত্রিকা প্রকাশ করবে বলে জানান আয়োজকরা। ডেল শী পাওয়ার-এর সম্পাদিকা তুতলী রহমান এমন নারী প্রবর্তনে এই ধরনের দৃষ্টান্তমূলক উদ্যোগের জন্য ডেলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি প্রত্যেক নারীকে অন্তত একটি জীবন পরিবর্তনে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘ডেল শী পাওয়ার-এর পক্ষ থেকে আমরা অন্তত একটি জীবন বদলে দিতে চাই। আর আমাদের ট্যাগলাইন হচ্ছে ‘ইচ ওয়ান টিচ ওয়ান’।