আইভরিকোস্টের বাণিজ্যিক রাজধানী আবিদজানে নববর্ষের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় ২৫০ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। খবর বিবিসি ও রয়টার্সের। গতকাল মঙ্গলবার দেশটির স্থানীয় সময় ২টায় আবিদজান শহরের প্লেতু এলাকায় অবস্থিত ফেলিক্স হুপহুয়েত বোয়াগনি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। জানা যায়, আতশবাজির অনুষ্ঠান শেষ হওয়ার পর স্টেডিয়ামের প্রবেশ পথ দিয়ে হাজার হাজার লোক বাইরে বের হয়ে আসে। এ সময় আরেকটি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য একদল লোক ভেতরে প্রবেশ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। তবে প্রকৃত কারণ জানা যায়নি। মৃতদের বয়স ৮ থেকে ১৫ বছরের মধ্যে। দুর্ঘটনার আগে স্টেডিয়ামে একটি কনসার্টে যুক্তরাষ্ট্রের শিল্পী ক্রিস ব্রাউনের গান পরিবেশন করে। এ ঘটনায় কমপক্ষে ২৫০ জন আহত হয়েছে। স্টেডিয়ামের বাইরে গতাকাল সকালে রক্তের ছোপ ছোপ দাগ ও জুতা পড়ে থাকতে দেখা গেছে।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট আলাসানে ওয়াততারে হাসপাতাল পরিদর্শন করেছেন এবং সুষ্ঠু চিকিত্সা ও ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন। সেখানে এখন সরকারি কর্মকর্তাসহ উদ্ধার ও নিরাপত্তাকর্মীরা রয়েছেন বলে জানা গেছে। আপনজনদের খোঁজ নিতে ঘটনাস্থলের দিকে ছুটে যাচ্ছে আত্মীয়-স্বজনরা। ৯ বছর বয়সী এক বালকের উদ্বিগ্ন মা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, আমি সব মৃতদেহ দেখলাম, কিন্তু আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। দেশটির সামরকি বাহিনীর উদ্ধার অভিযানের প্রধান লে:কর্নেল ইসা সাকো বলেন, হুড়োহুড়ির মধ্যে নিংশ্বাস বন্ধ হয়ে অনেকে মারা যেতে পারে।
