পাকিস্তানে ৭ এনজিও কর্মীকে গুলি করে হত্যা

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ২২:২৩
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সোয়াবিতে ছয় জন নারীসহ একটি দাতব্য সংস্থার সাত কর্মীকে গতকাল মঙ্গলবার গুলি করে হত্যা করেছে অজ্ঞাতনামা বন্দুকধারীরা। খবর বিবিসির। নারীদের মধ্যে দুইজন স্বাস্থ্যকর্মী এবং পাঁচজন শিক্ষিকা রয়েছে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের কাছে তাদের বহনকারী গাড়িটি বন্দুকধারীদের হামলার শিকার হয়। এ সময় তাদের মধ্যকার একজন পুরুষ সহকর্মী নিহত হয়। তারা উজালা নামে স্থানীয় একটি দাতব্য প্রতিষ্ঠানের হয়ে কাজ করছিলেন। তবে গতকাল পর্যন্ত এ হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। সেন্টারটির একটি অংশ ক্লিনিকি হিসেবে এবং অপর অংশ স্কুল হিসেবে ব্যবহূত হয়। ক্লিনিকে মাতৃস্বাস্থ্য নিয়ে কাজ করা হয়। সোয়াবি জেলার পুলিশ প্রধান আব্দুল রশিদ খান বলেন, চারজন ব্যক্তি দুটি মোটরসাইকেলে করে তাদের গাড়ির বাম এবং ডান পাশ দিয়ে গুলি চালিয়ে পালিয়ে যায়। তিনি জানান, গাড়ির চালকও এ ঘটনায় আহত হয়েছে। এই এলাকায় এনজিও কর্মীদের ওপর হামলার ঘটনা এই প্রথম বলে পুলিশ জানিয়েছে। ওই সেন্টারের পরিচালকরা জানিয়েছেন, হয়তো হামলাকারীরা কর্মীদের টিকাদান কর্মসূচির কর্মী মনে করেছে। গত মাসে দেশটিতে ৯ জন পোলিও কর্মীকে গুলি করে হত্যার পর জাতিসংঘ পরিচালিত টিকাদান কর্মসূচি প্রত্যাহার করা হয়।