বগুড়া শহর আওয়ামী লীগ নেতা জোবায়ের হাসান লিটন (৩৬) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত সোমবার রাত সোয়া ১২টায় মোটর-সাইকেলযোগে শহরের সাতমাথায় আসার পথে স্থানীয় পুলিশলাইন শিবমন্দিরের সামনে ঢাকাগামী একটি নৈশ কোচের ধাক্কায় তিনি মারা যান। এসময় মোটরসাইকেলের অপর আরোহী শিপুল গুরুতর আহত হয়েছেন।
বগুড়া পুলিশ জানায়, থার্টিফার্স্ব নাইট এর শুরুতে লিটন ও শিপুল মোটরসাইকেলযোগে শহরের লতিফপুর এলাকা থেকে পুলিশলাইনের পিছনের বাইলেন হয়ে বগুড়া-ঢাকা সড়কে ওঠার সময় ঢাকাগামী একটি নৈশকোচ তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক লিটন রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। গতকাল মঙ্গলবার লিটনের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত লিটন জাসদ ছাত্রলীগের বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি ছিলেন। সমপ্রতি তিনি যুবলীগ থেকে আওয়ামী লীগের বগুড়া শহর শাখার সদস্য পদ লাভ করেন।
