ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে মাটি বহনকারী একটি ভলগেট ফেরিঘাটের পন্টুনের সাথে ধাক্কা লেগে মেঘনাগর্ভে তলিয়ে যায়। এতে ভলগেটে থাকা ৭ শ্রমিক নিখোঁজ ও দুইজন আহত হয়।
জানা যায়, গতকাল মঙ্গলবার মাটি বহনকারী একটি ভলগেট শরীয়তপুরের কোদালপুর থেকে মাটি বোঝাই করে ৪৪ জন শ্রমিকসহ নারায়ণগঞ্জে যাচ্ছিল। সকাল ৮টার দিকে ঘন কুয়াশায় ভলগেটটি নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাটের পন্টুনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ভলগেটটি মেঘনাগর্ভে তলিয়ে যায়। ভলগেটে থাকা হেলাল, বিদ্যুত্, জিয়া, লুত্ফুর, চাঁদ সরদার, মজিদ নামের ৭ জন শ্রমিকসহ ভলগেটের সুকানি তাজেল নিখোঁজ হয়। আহত কুদ্দুছ সরদার ও রতনকে চাঁদপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুদ্দুছের দুইটি পা কেটে ফেলতে হয়েছে। নিখোঁজ শ্রমিকদের সন্ধান ও উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসের ডুবুরীরা কাজ করছে।
