কুমিল্লায় ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ২২:৪৪
কুমিল্লায় সহপাঠীদের উপর্যুপরি ছুরিকাঘাতে সাঈন জাকারিয়া নিলয় (১৫) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে। মহানগরীর নতুন চৌধুরীপাড়া এলাকায় গত সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নিলয় নগরীর কুমিল্লা মডার্ণ হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র। গতকাল মঙ্গলবার নিহতের মামা আরিফুর রহমান বাদী হয়ে স্কুলের ৩ ছাত্রসহ ৫ জনকে আসামি করে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে নগরীর নতুন চৌধুরীপাড়া এলাকায় নিলয়ের সাথে তার সহপাঠীদের পূর্বশত্রুতার জের ধরে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে তারা নিলয়কে মারাত্মক জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত তাহসিন নামের অপর এক ছাত্র কুমেক হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। গতকাল পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহত নিলয় জেলার দাউদকান্দি উপজেলার ইছাপুর গ্রামের আবদুল হালিমের পুত্র। থানার ওসি (তদন্ত) জানান, এ ঘটনায় নিহতের মামা আরিফুর রহমান বাদী হয়ে ওই স্কুলের ছাত্র রাফী , রিনভি, তুহিন এবং ভিকি ও মোজাম্মেলসহ ৫ জনকে এজাহার ও অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে।