আবারো এককভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। জাপার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
২০১২ সাল শেষ হলো। কী পেলাম আমরা? প্রতিদিন গুম আর হত্যা উপহার পাচ্ছি উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, মূল্যস্ফীতির চাপে মানুষের জীবন বিপর্যস্ত, কোন বিনিয়োগকারী নেই, বিদেশিরা মুখ ফিরিয়ে নিয়েছেন। ব্যাংকগুলো অর্থ সংকটের কারণে এলসি খুলতে পারছে না। এ অবস্থায় দেশের জনগণ আজ হতাশ। তিনি বলেন, দুই দলকে আর দুই নেত্রীকে জনগণ আর চায় না। জাতীয় পার্টি ছাড়া এদেশে শান্তি আসবে না। তাই আগামীতে এককভাবে নির্বাচন করব, করব, করবোই।
নিজের ক্ষমতা গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, সেদিন জনগণের ডাকে সাড়া দিয়ে আমি ক্ষমতায় এসেছিলাম। ক্ষমতা আমার হাতে সেদিন তুলে দেয়া হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী সেদিন সর্বপ্রথম আমাকে অভিনন্দন জানিয়েছিলেন। আজ আমি খারাপ হয়ে গেছি। তাহলে সেদিন কেন অভিনন্দন জানিয়েছিলেন?
ক্ষমতায় গিয়ে জাতীয় পার্টির (জাপা) আগামী প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ঘোষণা দিয়ে জাপা চেয়ারম্যান বলেন, এখন কেউ ক্ষমতা ছাড়লেই বিদেশে তাদের নামে কোটি কোটি ডলার পাওয়া যায়। কিন্তু আমি ক্ষমতা ছাড়ার পর দেশের বাইরে একটি ডলারও পাওয়া যায়নি। আমি ঘোষণা দিচ্ছি ক্ষমতায় গেলে দেশের বাইরে যদি এক ডলারও পাওয়া যায় তাহলে সেদিনই ক্ষমতা ছেড়ে দেব।
জাপা চেয়ারম্যানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন—প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, ড. টিআইএম ফজলে রাব্বি এমপি, কাজী ফিরোজ রশীদ, জাপা মহাসচিব এটিএম রুহুল আমিন হাওলাদার এমপি, জিয়াউদ্দিন বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, গোলাম হাবিব দুলাল, এসএমএম আলম, এসএম ফয়সল চিশতী প্রমুখ। সমাবেশ শেষে জাপা চেয়ারম্যানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
