১৮ দলীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ জানুয়ারি

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ২২:৪৫
সচিবালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কারাবন্দী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোট নেতাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. জহুরুল হক অভিযোগ গঠনের জন্য আগামি ২৯ জানুয়ারি দিন ধার্য করেছেন। মামলার অন্যতম আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পল্টন ও শেরেবাংলা থানার পৃথক দুইটি মামলায় বর্তমানে কারাগারে আটক রয়েছেন। তিনি গতকাল আদালতে অনুপস্থিত থাকায় এই শুনানি পিছিয়ে দেয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু। গত বছর ২৯ এপ্রিল জোটের ডাকা হরতাল চলাকালে সচিবালয়ের ভেতর ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। গত ৩১ মে মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি’র পরিদর্শক তপন চন্দ্র সাহা মির্জা ফখরুলসহ ১৮ দলীয় জোটের নেতাদের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।