বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, নির্দলীয় সরকারের ঘোষণা দিলেই সরকারের সঙ্গে সংলাপে বসবে বিএনপি। আমরা সরকারের সঙ্গে সংলাপে বসতে আগ্রহী। সংলাপ চাই এবং সব সময় চেয়ে আসছি। আগে সরকারকে নির্দলীয় সরকারের দাবি মেনে নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে হবে। নির্দলীয় সরকারের ঘোষণা দিলে সংসদের ভেতরে বা বাইরে যেকোন স্থানে সংলাপে বসতে আমাদের কোন আপত্তি নেই। স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সচিবালয় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি একথা বলেন। ‘বিএনপির সঙ্গে ভেতরে ভেতরে সংলাপ হচ্ছে’ সৈয়দ আশরাফের এমন বক্তব্য নাকচ করে দিয়ে তিনি বলেন, এটা জনগণকে বিভ্রান্ত করার জন্য তিনি বলেছেন। এটি সঠিক নয়। আনুষ্ঠানিক কিংবা ভেতরে কোন সংলাপ হয়ে থাকলে স্থায়ী কমিটির সদস্য হিসেবে আমি অন্তত জানতাম।
নির্দলীয় সরকারের যৌক্তিকতা তুলে ধরে তরিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় নিকট অতীতের তত্ত্বাবধায়ক সরকারের উদাহরণ টানে। আমরা বলতে চাই ওই সরকারটি তত্ত্বাবধায়ক সরকার ছিল না, তা ছিল একটি অবৈধ তত্ত্বাবধায়ক সরকার। ওই সরকারের কথা বলে নির্দলীয় সরকার ব্যবস্থা অগ্রাহ্য করা যাবে না।
জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় সংগঠনের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন তরিকুল ইসলাম।
