নতুন করে বিচার শুরুর আবেদনের আদেশ ৩ জানুয়ারি

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ২২:৪৮
জামায়াত নেতা গোলাম আযম, মতিউর রহমান নিজামী ও দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলা নতুন করে বিচার হবে কিনা এ বিষয়ে আগামী ৩ জানুয়ারি আদেশ দেবে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। গতকাল মঙ্গলবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষ হয়েছে। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক অন্যের দ্বারা নির্দেশিত হয়ে বিচার কার্যক্রম পরিচালিত করেছেন এই অভিযোগে নতুন করে বিচার শুরু করার আবেদন জানান তিন আসামি। আসামিপক্ষ শুনানি করে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট নিজামুল ইসলাম। আবেদনের বিরোধিতা করে শুনানি করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম ও রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। গতকাল এটর্নি জেনারেল মাহবুবে আলমের শুনানির জবাবে আব্দুর রাজ্জাক বলেন, গোলাম আযমের বিরুদ্ধে মামলার যে ফর্মাল চার্জ তা রাষ্ট্রপক্ষ তৈরি করেনি। সাতবার এ ফর্মাল চার্জে পরিবর্তন আনা হয়েছে। এটা করা হয়েছে ব্রাসেলস থেকে। এ ফর্মাল চার্জ আইনের চোখে কোন ফর্মাল চার্জই নয়। এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, গোলাম আযমের মামলায় ফর্মাল চার্জ প্রসিকিউশনই তৈরি করেছে। বাইরের কেউ তা তৈরি করেননি। এসব মামলায় আপিলের সুযোগ রাখা হয়েছে। স্বচ্ছ বিচার হয়েছে কি না এটা আপিল বিভাগ দেখবে।