রাস্তা সংস্কার হয় না ভোগান্তিও কমে না

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ০০:০১

মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারের পাকা রাস্তাটি মারাত্মকভাবে ভেঙে গিয়ে যান চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। জেলা সদরের বালিরটেক থেকে মালাকার মোড় পর্যন্ত ও বলড়া তিন রাস্তার মোড় থেকে হরিরামপুর উপজেলা পর্যন্ত রাস্তা সংস্কার করা হলেও মালাকার মোড় থেকে বলড়া তিন রাস্তার মোড় পর্যন্ত রাস্তার প্রায় ৮ শত ফুট অংশ বিগত ৪ বছরেও সংস্কার করা হয়নি। বর্তমানে সড়কের ওই অংশটুকু বড় বড় খানাখন্দে ভরে গেছে। বৃষ্টি হলেই গর্তে হাঁটু পানি জমে যায়। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। রাস্তাটি দিয়ে প্রতিদিন ২ লক্ষাধিক মানুষ চলাচল করে থাকেন। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এই সড়কটি দিয়ে যান চলাচলে যথেষ্ট সমস্যা হচ্ছে। বছরখানেক আগে ভাড়ারিয়া বাজার কমিটির সদস্যরা প্রত্যেক দোকান থেকে চাঁদা তুলে রাস্তায় ইট ফেলে কিছুটা মেরামত করেছিল। কিন্তু ভারী যানবাহন চলাচলে ও বৃষ্টিতে আবারও রাস্তা ভেঙে  গেছে।

এদিকে রাস্তাটি সদর উপজেলা এলজিইডির আওতাধীন না  জেলা সড়ক ও জনপথ বিভাগের এ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। মানিকগঞ্জ সদর উপজেলার এলজিইডির প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, ভাড়ারিয়া বাজারের রাস্তাটি আগে এলজিইডির আওতায় থাকলেও বর্তমানে এটি মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন। অন্যদিকে মানিকগঞ্জ সড়ক ও জনপথের উপ-বিভাগীয়  প্রকৌশলী আব্দুর রহিম জানান, ভাড়ারিয়া বাজারের রাস্তাটি এলজিইডির আওতাধীন। ভাড়ারিয়ার মালাকার মোড় থেকে সোনাবাজু পর্যন্ত রাস্তা সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন রয়েছে।