জায়গা ফিরে পেতে মরিয়া ক্যাসিয়াস

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ১৯:৪৬
ইকার ক্যাসিয়াস জানিয়েছেন রিয়াল মাদ্রিদের প্রথম একাদশে জায়গা ফিরে পেতে অনুশীলনে সম্ভাব্য সব কিছুই করছেন তিনি। সম্প্রতি লা লিগায় মালাগার কাছে ২-৩ গোলে হারা খেলাটিতে ক্যাসিয়াসের জায়গায় আন্তোনিয়ো আদানকে খেলান কোচ হোসে মরিনহো। স্পানিশ লিগে রিয়াল মাদ্রিদের পরবর্তী খেলা পড়েছে রিয়াল সোসিয়েদাদের সাথে। অপরদিকে বার্সেলোনা খেলবে স্পানিয়লের সাথে। উভয় দলের খেলাই হবে ৬ জানুয়ারি। স্পেনের বিশ্বকাপ জয়ী অধিনায়ক শীতকালীন বিরতির পরে দলের প্রথম ট্রেনিং সেশনে অংশগ্রহণ শেষে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দলে জায়গা সুনিশ্চিত করতে আমি অনুশীলনে কঠোর পরিশ্রম করছি। এ লক্ষ্য মাথায় রেখেই আমি অনুশীলন করে চলেছি। তবে পরের ম্যাচে আমি মাঠে নামছি কিনা তা নির্ভর করছে কোচের সিদ্ধান্তের উপর। তার (মরিনহো) প্রতি আমাদের সবার সমর্থন রয়েছে এবং আমরা তাকে নিয়ে আত্মবিশ্বাসী।’ ক্যাসিয়াস আরো বলেন, ‘আমি ভাল আছি। তবে আমি যন্ত্র নই, আমাকে প্রতিদিন ট্রেনিং করতে হয় এবং কখনো কখনো এমন সময় আসে যখন সবকিছু আমার ইচ্ছানুযায়ী চলে না। তবে এখন আমি ভাল আছি।’ শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১৬ পয়েন্ট পেছনে পড়ে যাওয়া রিয়াল মাদ্রিদ এখন লা লিগার পয়েন্ট টেবিলে বর্তমানে তৃতীয় স্থানে অবস্থান করছে। ক্যাসিয়াস তার সতীর্থদের উদ্বুদ্ধ করছেন নতুন বছরকে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ হিসেবে নিয়ে শিরোপা রক্ষায় ঝাঁপিয়ে পড়তে। তিনি বলেন, ‘আমরা ১৬ পয়েন্ট পিছিয়ে আছি। আমরা যা চেয়েছি তা এটা নয় কিন্তু এখন ২০১৩ এবং আমাদের নিজেদের ঘাটতি পুষিয়ে নিতে হবে। আমি জানি এটা পরিস্থিতি অনুযায়ী খুবই কঠিন কিন্তু অসম্ভব নয়’—বলেছেন ক্যাসিয়াস। ‘রিয়াল বার্সার আধিপত্য ভাঙ্গতে হবে’ এদিকে অ্যাথলেটিকো মাদ্রিদের সভাপতি এনরিক সেরেজো মনে করেন ফুটবল সমর্থকদের স্বার্থেই স্পেনের লা লিগায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের আধিপত্যের অবসান ঘটাতে হবে। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ গত আট মৌসুমের মধ্যে সাতটিতেই লা লিগার শীর্ষ দুই স্থান ধরে রেখেছে। তবে এ মৌসুমে অ্যাথলেটিকো তাদের উভয়কেই কিছুটা চাপে রাখে। এর মধ্যে এনরিকের দল এখন পর্যন্ত দ্বিতীয় স্থান ধরে রেখেছে। দলটি বার্সেলোনা থেকে নয় পয়েন্টে পিছিয়ে থাকলেও মাদ্রিদের চেয়ে আবার এগিয়ে আছে সাত পয়েন্টে। এনরিক এখন পর্যন্ত তার দলের অগ্রগতিতে সন্তুষ্ট এবং মনে করেন যে, শীর্ষ দুই আসনে তাদের আধিপত্যের অবসান ঘটানো কেবল অ্যাথলেটিকোর জন্য নয়, সাধারণভাবে ফুটবল দর্শকদের জন্যই ভাল। তিনি মার্কাকে আরো বলেন, লা লিগা ছিল দুই ঘোড়ার দৌড়। কিন্তু অ্যাথলেটিকো মৌসুমটি ভালভাবে শুরু করেছে এবং বর্তমানে অবস্থান সুসংহত করে রেখেছে। তিনি অবশ্য দলের সাফল্যে ম্যানেজার দিয়েগো সিমিওনের অবদানের প্রশংসা করেন। বিশেষ করে ২০১২ সালে ক্লাবটিকে সাফল্যের সাথে পরিচালনা করায়। এ বছরটিতে সিমিওনের অধীনে অ্যাথলেটিকো মাদ্রিদ ইউরোপা লিগ এবং উয়েফা সুপার কাপ জিতে নেয়। রিয়ালের পড়শী দলটির সভাপতি আরো বলেন, সিমিওনে আত্মবিশ্বাস জুগিয়েছে। দিয়েছে নিজেদের ওপর আস্থাবান হওয়ার ব্যাপারটি এবং আশাবাদ ও জয়। তিনি যখন এখানে আসেন সেসময় এগুলোর কিছুই ছিল না দলটির।’ শীতকালীন বিরতির পর অ্যাথলেটিকোর প্রথম খেলা পড়েছে মায়োর্কার সাথে।