আসছে ৫ জানুয়ারি থেকে ঢাকায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘ই-কমার্স সপ্তাহ’। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর যৌথ উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী এ আয়োজনে থাকছে ই-কমার্স বিষয়ক প্রদর্শনী, একাধিক সেমিনার, গোলটেবিল বৈঠক ও কনসার্ট। ‘অনলাইনে কেনাকাটা করুন—যেকোনো কিছু, যেকোনো সময়’ (Shop Online: Anything. Anytime) স্লোগান নিয়ে শুরু হওয়া এই আয়োজনের উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বেসিস সম্মেলন কক্ষে গতকাল (বুধবার) এক সংবাদ সম্মেলনে এই আয়োজন সম্পর্কে বিভিন্ন তথ্য জানানো হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাসগুপ্ত অসীম কুমার, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হুমায়ুন কবির, বেসিসের সভাপতি একেএম ফাহিম মাশরুর, ব্রাক ব্যাংকের হেড অব কার্ডস তৌফিক হাসান, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের বিভাগীয় প্রধান কামরুজ্জামান এবং এসএসএল কমার্সের প্রধান নির্বাহী সাইফুল ইসলাম। এতে সপ্তাহব্যাপী এ আয়োজনের বিস্তারিত বিবরণ তুলে ধরেন ই-কমার্স সপ্তাহের আহ্বায়ক ও বেসিসের সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান। তিনি জানান, ‘ই-কমার্সে সপ্তাহের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনসাধরণকে অনলাইনে কেনাকাটা করার বিষয়ে উত্সাহিত করা, ব্যবসায়ীদের ই-কমার্স কার্যক্রমে অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করা এবং ই-কমার্স বাস্তবায়নে বিদ্যমান সমস্যা মোকাবেলায় নীতি নির্ধারক মহলে আলোচনা ও মতবিনিময়ের আয়োজন করা।’ সম্মেলনে জানানো হয়, ই-কমার্স সপ্তাহ উপলক্ষে একাধিক গোলটেবিল বৈঠক, টেকনিক্যাল সেমিনার, বসুন্ধরা সিটি শপিং মল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ প্রচারণা কার্যক্রম পরিচালিত হবে। সপ্তাহব্যাপী আয়োজিত ই-কমার্স সপ্তাহে থাকছে সংশ্লিষ্ট বিষয়গুলোতে সেমিনার, গোলটেবিল বৈঠক এবং টেকনিক্যাল কনফারেন্স। রয়েছে ‘ই-কমার্স প্রদর্শনী’, কনসার্ট এবং নানা ধরনের আয়োজন। এই আয়োজনের বিস্তারিত তথ্য জানা যাবে www.basis.org.bd ঠিকানায়।
