ফতুল্লায় হিমাগার থেকে বিপুল পরিমাণ পচা খেজুর জব্দ

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ০০:৩৮

ফতুল্লায় দুটি হিমাগার থেকে বিপুল পরিমাণ পচা খেজুর জব্দ করেছে র্যাব-১১। ধর্মগঞ্জে অবস্থিত ইনকিলাব সম্পাদক এ এম বাহাউদ্দিনের মালিকাধীন শাহীন কোল্ডস্টোরেজ ও নাগরিক ঐক্যের নেতা এস এম আকরাম পরিবারের মালিকানাধীন আদর্শ কোল্ডস্টোরেজে এই অভিযান চালানো হয়। সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্বে এই অভিযান চলে। র্যাবের ভ্রাম্যমাণ আদালত ওই হিমাগার দুটিকে সীলগালা করে দেয়। রমজান মাসকে সামনে রেখে এই নষ্ট খেজুরগুলো সারা দেশে বাজারজাত করার প্রক্রিয়া চলছিল বলে র্যাব জানিয়েছে। অভিযানে ইনকিলাবের মালিক বাহাউদ্দিনের মালিকানাধীন শাহীন ক্লোলস্টোরেজ থেকে ৪১০ টন খাওয়ার অনুপযোগী খেজুর জব্দ করা হয়েছে। এছাড়াও পচা খেজুর রাখার অপরাধে অর্ধকোটি টাকা জরিমানা করা হয়। এস এম আকরামের পরিবারের কোল্ডস্টোরেজ থেকেও পচা খেজুর আটক করা হয়েছে। তবে কী পরিমাণ খেজুর এখান থেকে জব্দ করা হয়েছে তা এখনো জানা যায়নি। প্রেসব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব।

নাগরিক ঐক্যের  উপদেষ্টা এস এম আকরাম জানান, হিমাগারটির চারআনার মালিকানা আমাদের পরিবার। বাবার সূত্রে আমরা ওই চারআনার অংশীদারিত্ব পেয়েছি। এর রক্ষণাবেক্ষণ সবটাই করেন ‘ওহাব সাহেব’।