সাভারের আশুলিয়ায় চাকরিতে পুনর্বহালের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছেন চাকরিচ্যুত পোশাক শ্রমিকরা। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত আশুলিয়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ অনশন কর্মসূচি পালন করেন শিল্পাঞ্চলের ইউনিক এলাকার ডংলিয়ন ফ্যাশন বিডি লিমিটেড কারখানার ১৭ জন শ্রমিক।
অনশন কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকরা জানান, গত ১৮ মার্চ আশুলিয়ার ইউনিক এলাকায় অবস্থিত ডংলিয়ন ফ্যাশন বিডি লিঃ কারখানার এপিএম জহিরুল এক নারী শ্রমিককে যৌন হয়রানি করেন। এ ঘটনায় কারখানায় কর্মরত শ্রমিকরা ঐ কর্মকর্তার বিচার দাবি করলে গত ৯ এপ্রিল একযোগে ১৭ জন শ্রমিককে ছাঁটাই করেন কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে দফায় দফায় কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে শ্রমিকদের বিভিন্নভাবে ভয়-ভীতি দেখানোসহ প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়।
আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, ভুক্তভোগী শ্রমিকদের লিখিত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
