৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। আগামী ৩ মে শুক্রবার সব বিভাগে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার পিএসসির ওয়েবসাইটে আসন বিন্যাস প্রকাশ করা হয়। এদিকে, ৩৯তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত ফলাফল আগামী সপ্তাহে প্রকাশ করতে যাচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এ মাসেই প্রকাশের কথা থাকলেও সংশ্লিষ্ট মহলের অনুরোধে এক সপ্তাহ পর প্রকাশ করা হচ্ছে। মূলত আড়াই হাজার চিকিত্সক পদ বৃদ্ধির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় ফলাফল প্রকাশে একটু বিলম্ব হচ্ছে। পিএসসির সূত্রে এতথ্য জানা গেছে।
৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুসারে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এ পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের ৮টা ৩০ থেকে ৯টা ২৫ এর মধ্যে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার হলে ক্যালকুলেটর, ঘড়ি, মানিব্যাগ, মোবাইল, ক্রেডিট কার্ডসহ সব প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ। এসব পাওয়া গেলে প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে বলে জানায় পিএসসি।
৪০তম বিসিএসে ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী অংশগ্রহণ করবেন। পিএসসিতে কোনো পরীক্ষায় এখন পর্যন্ত এত বিপুল পরীক্ষার্থী আবেদনের রেকর্ড আগে হয়নি। এ বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে।
৩৯তম বিসিএসের ফল আগামী সপ্তাহে
আগামী সপ্তাহে প্রকাশিত হচ্ছে ৩৯তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল। বিশেষ এ বিসিএস থেকে প্রায় ৫ হাজার চিকিত্সককে নিয়োগের সুপারিশ করবে পিএসসি।
