সিরাজগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও হত্যার দায়ে এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বুধবার সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামি সাইদুল ইসলাম (২৪) সিরাজগঞ্জ সদর উপজেলার ডুমুরমুছা পশ্চিমপাড়া গ্রামের মঙ্গলা শেখের পুত্র।
মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৭ সেপ্টেম্বর আসামি সাইদুল ইসলাম একই গ্রামের আব্দুল মমিনের স্কুল পড়ুয়া কন্যা মহুয়া খাতুনকে ধর্ষণের পর হত্যা করে। এ ঘটনায় নিহতের মা জীবন নেছা বাদি হয়ে সাইদুল ইসলামকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে বুধবার আদালতের বিচারক আসামিকে মৃত্যুদন্ড ও ১ লাখ টাকা জরিমানার রায় দেন।
