ভুয়া ডাক্তার সেজে চিকিত্সা এবং রোগীদের সাথে প্রতারণার অভিযোগে দুই বেসরকারি হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভুয়া দুই ডাক্তার পালিয়ে যায়। মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরে এ ঘটনা ঘটেছে। সিলগালা করা দুই হাসপাতাল হচ্ছে সদরের বংশাই রোডের বিকাশ হাসপাতাল (প্রাইঃ) এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন বিশ্বরোড এলাকার দেওয়ান হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টার।
ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তা ও টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম এবং মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আনিসুর রহমান মঙ্গলবার মির্জাপুরে ঐ দুটি বেসরকারি হাসপাতলে পরিদর্শনে এসে দেখতে পান, কোন প্রকার ডাক্তারী সার্টিফিকেট ছাড়াই উল্লেখিতরা নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের সাথে প্রতারণা করে চিকিত্সা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।
রোগীদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ এবং হাসপাতালের অব্যবস্থাপনা দেখে ভ্রাম্যমাণ আদালত তাত্ক্ষণিকভাবে দুই বেসরকারি হাসপাতালে তালা ঝুলিয়ে সিলগালা করে দেয়। এ সময় ভুয়া ডাক্তাররা পালিয়ে যায় বলে ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তাগণ জানান।
অভিযোগ রয়েছে, টাঙ্গাইল জেলার মধ্যে মির্জাপুর উপজেলার বিভিন্ন অলি-গলিতে ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে অর্ধশতাধিক প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টার। এসব মেডিক্যাল সেন্টারের অধিকাংশের নেই কোন অনুমোদন এবং নিজস্ব ডাক্তার। এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের কর্মকর্তা ও টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, পর্যায়ক্রমে বিভিন্ন বেসরকারি হাসপাতালে অভিযান চালানো হবে।
