কিশোরগঞ্জে হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের অফিস উদ্বোধন

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ২১:৩৩
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনকে ব্যাংকে রূপান্তরিত করার আহ্বান জানালেন জাতীয় সংসদের স্পিকার অ্যাডভোকেট মো.আব্দুল হামিদ। তিনি গত মঙ্গলবার কিশোরগঞ্জে কর্পোরেশনের আঞ্চলিক অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে বলেন, গৃহ নির্মাণ ঋণ পেতে হয়রানি লাঘব করতেই এই উদ্যোগ গ্রহণ করা উচিত। স্পিকার বলেন, জনসংখ্যা দ্রুত বাড়ছে, কিন্তু জমির পরিমাণ স্থিতিশীল রয়েছে। তাই জনগণকে বহুতল ভবন নির্মাণের দিকেই নজর দিতে হবে। আর এজন্য বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ইয়াছিন আলী ও জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো.জিল্লুর রহমান, পুলিশ সুপার মীর রেজাউল আলম প্রমুখ।