জামালপুরে বিভিন্ন উপজেলায় বিজয় মেলা ও যাত্রার নামে অবাধে চলছে হাউজি ওয়ানটেনসহ বিভিন্ন জুয়া খেলা। জানা গেছে, দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ উপজেলা শহরে স্থানীয় সংঘবদ্ধ জুয়ারী চক্রের ব্যবস্থাপনায় বিজয় মেলার নামে যাত্রা ও সার্কাসের অন্তরালে অবাধে চলছে হাউজি ও জুয়া খেলার আসর। এছাড়াও জেলা শহরের বাস টার্মিনাল ও সরিষাবাড়ী উপজেলা শহরে চলছে হাউজিসহ বিভিন্ন প্রকার জুয়া খেলা। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে সারাদিন চলে সার্কাস এবং সন্ধ্যা থেকে শেষরাত পর্যন্ত চলে জমজমাট জুয়ার আসর। ওই জুয়া খেলায় অবাধে অংশ গ্রহণের সুযোগ পাওয়ায় প্রতিরাতেই সর্বস্বান্ত হচ্ছে স্থানীয় স্কুল-কলেজগামী ছাত্রসহ উঠতি বয়সের যুবক। শহরের আবাসিক এলাকায় মাইক ও বাদ্যযন্ত্রের বিকট শব্দের কারণে এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষার্থীদের লেখাপড়ার চরম বিঘ্ন ঘটছে। অপরদিকে জুয়া খেলে সর্বস্বান্ত হওয়ায় এলাকায় চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধপ্রবণতা আশংকাজনক হারে বৃদ্ধি পেলেও স্থানীয় প্রশাসন নিশ্চুপ । এলাকাবাসী যাত্রা ও জুয়া বন্ধে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।
