বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলকে শক্তিশালী করে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে। আমাদের এই আন্দোলন সংগ্রাম ওইদিন সফল হবে যেদিন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দী কারাগার থেকে মুক্তি পাবেন, তারেক রহমান দেশে ফিরে আসবেন। আমাদের চিন্তা করতে হবে, বর্তমান প্রেক্ষাপটে সংগঠনকে কীভাবে আরো শক্তিশালী করা যায়। যাতে বিশ্বরাজনীতির সঙ্গে তাল মিলিয়ে আমরা লড়াই করতে পারি। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে বৃহত্তর ময়মনসিংহ ফোরাম আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার ও যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি শামসুজ্জামান সুরুজের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমান উল্লাহ আমান, নির্বাহী কমিটির সদস্য এম এম ওবায়দুল হক নাসির প্রমুখ।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ২০০৮ সালে রাষ্ট্র ক্ষমতায় আসার পরপরই পরিকল্পিতভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের পথে হাঁটছে। তাই বর্তমান সময় খুব কঠিন। এ সময়ের সংগ্রামও খুব কঠিন।
তিনি আরো বলেন, সরকার বারবার বলে বেড়াচ্ছে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। কিন্তু অর্থনীতিবিদরা বলছেন, দেশের অর্থনৈতিক অবকাঠামো ভেঙে পড়ছে। অথচ সরকারের উন্নয়নের ঢোল বেজেই চলেছে। সব স্বৈরাচারী সরকারই জনগণের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য এরকম বিভ্রান্তিকর তথ্য ছড়ায় বলে তিনি উল্লেখ করেন।
