অবশেষে মারা গেল খাঁচায় বন্দি ইমাম হোসেন

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ২১:৩৭
খাঁচায় দীর্ঘদিন বন্দি থাকা ইমাম অবশেষে মারা গেলেন। গোদাগাড়ী পৌর এলাকার রামনগর গ্রামের আলহাজ্ব নিজাম উদ্দিনের ছেলে ইমাম হোসেন (২৯)। পাগল বলে বিশেষ লোহার খাঁচায় পায়ে শিকল দিয়ে বেঁধে রাখতো তার পরিবার। গত ৪ বছর ধরে ইমাম খাঁচার ভিতরেই খাবার খেয়ে প্রস্রাব-পায়খানা করতো ও ঘুমাত। ইমামের মা জানায়, গোদাগাড়ী স্কুল এন্ড কলেজে অষ্টম শ্রেণীতে পড়ালেখা করা অবস্থায় একদিন এক সড়ক দুর্ঘটনার খবর শুনে সে লাশ দেখতে যায়। লাশ দেখার পর থেকেই ইমাম মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এক সময় পরিবার ইমামের বিয়ে দিলে সে আবারও মানসিক ভারসম্য হারাতে থাকে। ১ম ও ২য় স্ত্রীর কেউই ঘর-সংসার না করায় ইমাম দিশেহারা হয়ে পড়ে। এক পর্যায়ে ইমামের পাগলামির মাত্রা বেড়ে যায়। বাড়ির সামনে রাস্তায় যাকেই পেত তাকেই মারধর ও অশ্লীল ভাষায় গালাগালি করতো। তারপরও টগবগে এক যুবকের অমানবিকভাবে খাঁচায় বন্দি রাখার বিষয়টি এলাকার লোকজন কিছুতেই মেনে নিতে পারেনি।