শাবিতে নবীনবরণ অনুষ্ঠান

উত্পাদন ও কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দিতে হবে

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ২১:৪৪
সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেছেন, দেশকে উন্নত করতে বিশ্ববিদ্যালয়গুলোতে উত্পাদন ও কর্মমুখী শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতে সবচেয়ে বেশি গুরুত্ব ও জাতীয় বাজেটে বেশি অর্থ বরাদ্দ দিয়েছে। প্রাথমিক পর্যায়ে সবার হাতে বই প্রদানের জন্য শুধু পহেলা জানুয়ারিতেই ২৯ কোটি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে মঙ্গলবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রনজিত বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল প্রমুখ।