মির্জা ফখরুলের জামিন লাভ

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ২২:৩২
১৮ দলীয় জোটের ডাকা অবরোধে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা দুই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুলজারি করা হয়েছে। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের ডিভিশন বেঞ্চ শুনানি শেষে গতকাল বুধবার এই আদেশ দেন। শুনানিতে মির্জা ফখরুলের পক্ষে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, মামলা দুটিতে বিএনপির মহাসচিবের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে এই মামলা দায়ের করা হয়েছে। বিরোধী দলকে দমন করতেই মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এতে প্রমাণিত হয়েছে এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। জামিনের বিরোধিতা করে এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম বলেন, একজন প্রকৃত রাজনীতিবিদের মূল দায়িত্ব হচ্ছে জনগণের সম্পত্তি রক্ষা করা। কিন্তু এখানে মামলার এজাহারে এর ব্যতিক্রম দেখতে পাওয়া যায়। কারণ মির্জা ফখরুল অবরোধের দিন কাউকে গাড়ি বের না করার জন্যে হুমকি দিয়েছিলেন। তাই তাকে জামিন দেয়া হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে। শুনানি শেষে হাইকোর্ট মির্জা ফখরুলের জামিন মঞ্জুর করে। মির্জা ফখরুলের পক্ষে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন,ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান প্রমুখ। জামিন মঞ্জুরের পর ব্যারিস্টার মওদুদ বলেন, মির্জা ফখরুলকে অন্য কোন মামলায় গ্রেফতার দেখানো হয়নি। ফলে তার কারামুক্তিতে আর কোন আইনগত বাধা নেই। তবে এটর্নি জেনারেল জানান, মুক্তি দুটি বিষয়ের উপর নির্ভর করবে। এর মধ্যে একটি হচ্ছে, মির্জা ফখরুলের বিরুদ্ধে অন্য কোন মামলা আছে কি-না বা আমরা হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাবো কি-না। তাই তিনি কারামুক্তি পাচ্ছেন বিষয়টি এখনই বলা যাচ্ছে না। গত ২৪ ডিসেম্বর পল্টন ও শেরে বাংলা নগর থানায় দায়ের করা দুই মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন খারিজ করে দিয়েছিলেন দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. হেলালউদ্দিন। এর আগে মহানগর হাকিম আদালতেও ফখরুলের আবেদন নাকচ হয়। পরে নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে গতকাল জামিন আবেদন দাখিল করেন।